বিনম্র শ্রদ্ধায় ভাষাশহীদদের স্মরণ

সারা দেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষাশহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়। দিবসটি উপলক্ষে সকাল থেকেই স্থানীয় প্রশাসন, রাজনৈতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান নানা কর্মসূচির আয়োজন করে। শিক্ষার্থীরাসহ সাধারণ মানুষ প্রভাতফেরিতে অংশ নেয়। জেলা, উপজেলা ও স্থানীয় প্রশাসনের উদ্যোগে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। বিস্তারিত নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে

রাজশাহী : একুশের প্রথম প্রহরে সবার জন্য উন্মুক্ত করা হয় রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনার। সূচনাপর্বে এখানে ফুল দিয়ে ভাষাশহীদদের শ্রদ্ধা জানান ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। এর আগে তিনি শহীদ মিনার চত্বরে একটি নিমগাছের চারা রোপণ করেন। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. বজলুর রশীদ প্রমুখ। রাতেই নবনির্মিত এই শহীদ মিনার প্রাঙ্গণে মানুষের ঢল নামে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। ভোরে প্রভাতফেরি করে শহীদ মিনারে ফুল দেন অগণিত নারী-পুরুষ ও শিশু।

খুলনা : একুশের প্রথম প্রহরে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মহানগর ও জেলা ইউনিট। এরপর জেলা পরিষদ, কেডিএ, চেম্বার অব কমার্স, আইনজীবী সমিতি, বিভিন্ন সরকারি দপ্তর, খুলনা প্রেস ক্লাব, শিক্ষাপ্রতিষ্ঠান, মহানগর ও জেলা বিএনপি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সামাজিক, সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠনের নেতারা পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। নগরভবনে সিটি করপোরেশনের আয়োজনে শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

গাজীপুর : একুশের প্রথম প্রহরে গাজীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল করিম রনি ও জেলা প্রশাসন। পরে গাজীপুর মহানগর পুলিশ ও জেলা পুলিশ, জেলা পরিষদ, গাজীপুর সিটি করপোরেশন, গাজীপুর মহানগর বিএনপি, গাজীপুর প্রেস ক্লাব ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। দিবসটি উপলক্ষে জাতীয় বিশ^বিদ্যালয়, উন্মুক্ত বিশ^বিদ্যালয়, বাংলাদেশ কৃষি গবেষণা ও ধান গবেষণা ইনস্টিটিউট, ডুয়েট, গাজীপুর কৃষি বিশ^বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে একে একে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

ময়মনসিংহ : একুশের প্রথম প্রহরে ময়মনসিংহ কেন্দ্রীয় টাউন হল শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। পরে বিভাগীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তর, স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের ভাষাপ্রেমী মানুষ শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

কুমিল্লা : গভীর রাতে কুমিল্লা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন। তার সঙ্গে বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাও শ্রদ্ধা নিবেদন করেন। পরে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।

গোপালগঞ্জ : সর্বস্তরে বাংলা ভাষা চালুর দাবি জানিয়ে মহান শহীদ দিবসে গোপালগঞ্জের পৌরপার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ।  এ সময় তারা ভাষাশহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সর্বস্তরে বাংলা ভাষা চালুর দাবি জানান।

মাগুরা : রাত ১২টা ১ মিনিটে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গণে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জেলার সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

নীলফামারী : রাত ১২টা ১ মিনিটে জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পু®পস্তবক অর্পণ করেন নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান ও পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম। এরপর পর্যায়ক্রমে জেলা ও দায়রা জজ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, নীলফামারী পৌরসভা, সদর উপজেলা প্রশাসন, নীলফামারী প্রেস ক্লাব, জেলা বিএনপি, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

গাইবান্ধা : রাত ১২টা ১ মিনিটে গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য আব্দুল করিমসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা বিএনপিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পৌর শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে। গতকাল শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৭টায় পৌর শহীদ মিনার চত্বরে ভাষা আন্দোলনের ওপর নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়।

রাজবাড়ী : একুশের প্রথম প্রহরে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়।  দিবসটি উপলক্ষে তিন দিনব্যাপী বইমেলার আয়োজন করা হয়েছে। গতকাল বিকেলে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে বইমেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক সুলতানা আক্তার। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চাঁপাইনবাবগঞ্জ : বরেন্দ্র অঞ্চলের বাবুডাইং আলোর পাঠশালায় স্থায়ী শহীদ মিনার না থাকায় নিজেদের তৈরি শহীদ মিনারে বুনো ফুল দিয়ে ভাষাশহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছে শিক্ষার্থীরা। একুশের সকালে পাঠশালার শিক্ষার্থীরা প্রভাতফেরি বের করে। প্রভাতফেরিটি গ্রামের পথ ঘুরে পাঠশালা মাঠে বাঁশ-কঞ্চি দিয়ে তৈরি শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে শিশুরা। এর আগে তারা শহীদ মিনারের বেদিতে মনের মাধুরী মিশিয়ে আলপনা আঁকে।

সিরাজগঞ্জ : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গত শুক্রবার রাত ১১টায় ভাষার কবিতা পাঠ ও একুশের গান পরিবেশন করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। পরে একুশের প্রথম প্রহরে ভাষাশহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

ঠাকুরগাঁও : একুশের প্রথম প্রহরে ঠাকুরগাঁও সরকারি কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, ঠাকুরগাঁও প্রেস ক্লাব, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারাসহ সর্বস্তরের মানুষ ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ ছাড়া আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও আলোচনা সভা, কবিতা আবৃত্তি, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

নওগাঁ : ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে নওগাঁর কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু, জেলা প্রশাসক সাইফুল ইসলাম, পুলিশ সুপার তারিকুল ইসলাম প্রমুখ। এ ছাড়া শহীদদের প্রতি বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক দলসহ নানা শ্রেণি-পেশার মানুষ ভাষাশহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

রাঙ্গামাটি : প্রতি বছরের ২১ ফেব্রুয়ারি সকালে রাঙ্গামাটি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বর্ণলিখন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় রাঙ্গামাটির বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এবারও রঙ-তুলির আঁচড়ে ১৯৫২ সালের ভাষা আন্দোলন ও প্রাণের শহীদ মিনারের ছবি ফুটিয়ে তুলেছে শিক্ষার্থীরা।