দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়ার ঘোষণা যুবকের

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া খেলা ছাড়ার ঘোষণা দিয়েছেন রাশেদ দাড়িয়া (৩৫) নামে এক যুবক। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাশেদ দাড়িয়া কোটালীপাড়া পৌরসভার ঘাঘর কান্দা গ্রামের হাসেন দাড়িয়ার ছেলে। গত শুক্রবার নিজ বাড়িতে একটি বড় অ্যালুমিনিয়ামের পাত্রে বসে তিনি দুধ দিয়ে গোসল করেন। এ সময় তার মা মগ দিয়ে মাথায় দুধ ঢালেন। রাশেদ জানান, গত দুই বছর ধরে তিনি অনলাইনে জুয়া খেলছিলেন এবং এতে প্রায় ১০ লাখ টাকা দেনায় জড়িয়ে পড়েন।