ফুটবল ইতিহাসে নতুন এক অনন্য মাইলফলক স্পর্শ করলেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ত্রিশ বছর বয়স পার করার পর তিনি পাঁচশ গোলের মাইলফলক ছুঁয়ে ফেছেন, যা বিশ্ব ফুটবলে বিরল কীর্তি হিসেবে ধরা হচ্ছে। একই সঙ্গে ক্যারিয়ারে এক হাজার গোলের স্বপ্নের কাছেও পৌঁছে গেছেন তিনি।
আজ রবিবার সৌদি প্রো লিগের ম্যাচে আল-হাজমের বিপক্ষে ৪-০ গোলের জয় তুলে নিয়েছে আল নাসর। এই ম্যাচেই জোড়া গোল করেছেন ৪১ বছর বয়সী রোনালদো। এতেই ত্রিশের পর তার মোট গোলসংখ্যা পাঁচশতে দাঁড়ায়। উল্লেখযোগ্য বিষয় হলো, পেশাদার ফুটবলের ইতিহাসে খুব কম খেলোয়াড়ই পুরো ক্যারিয়ারে পাঁচশ গোল করতে পেরেছেন, সেখানে রোনালদো এই সংখ্যা ছুঁয়েছেন শুধুমাত্র ত্রিশের পরের সময়টুকুতে।
দীর্ঘ ক্যারিয়ারে ইতোমধ্যে ইউরোপের শীর্ষ প্রতিযোগিতা, আন্তর্জাতিক শিরোপা এবং অসংখ্য ব্যক্তিগত পুরস্কার জিতেছেন এই ফরোয়ার্ড। বয়স বাড়লেও গোল করার ক্ষুধা কমেনি তার। উইঙ্গার থেকে ধীরে ধীরে খাঁটি স্ট্রাইকারে রূপান্তর হয়ে তিনি নিজের খেলাকে নতুনভাবে সাজিয়েছেন, যা তাকে এখনও ভয়ংকর গোলমেশিন হিসেবে ধরে রেখেছে।
সর্বশেষ হিসাব অনুযায়ী রোনালদোর ক্যারিয়ার গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৬৪টি। অর্থাৎ এক হাজার গোলের ঐতিহাসিক মাইলফলক ছুঁতে তার দরকার আর মাত্র ৩৬ গোল। চলতি বছরের আন্তর্জাতিক আসর এবং ক্লাব ফুটবলে ধারাবাহিক গোল করতে পারলে এই স্বপ্ন পূরণও অসম্ভব নয়। আসন্ন বিশ্বকাপে মাঠে নামলে রোনালদো ইতিহাস গড়ে টানা ছয়টি বিশ্বকাপে খেলা প্রথম ফুটবলারদের একজন হবেন।
সব মিলিয়ে বয়সের শেষ প্রান্তে দাঁড়িয়েও রোনালদোর এই গোলযাত্রা ফুটবল ইতিহাসে এক পরিসংখ্যানিক বিস্ময় হিসেবে দেখা হচ্ছে—যা হয়তো দীর্ঘদিন আর কেউ ছুঁতে পারবে না।