বড় পরাজয়ে নতুন মৌসুম শুরু মেসির ইন্টার মায়ামির

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৫ এএম

এসএলএসের নতুন মৌসুমের শুরুটা ভালো হলো না লিওনেল মেসির ইন্টার মায়ামির। লস অ্যাঞ্জেলস এফসির বিপক্ষে ৩-০ গোলের বড় পরাজয়ে তারা নতুন মৌসুম শুরু করল। মাঠে স্বয়ং লিওনেল মেসি থাকলেও জাদুকরী কিছু করতে পারেননি। মায়ামিও পায়নি গোলের দেখা।

শনিবার রাতের ম্যাচের প্রথমার্ধে দুই দলই সতর্ক ফুটবল খেললেও ধীরে ধীরে আক্রমণ বাড়ায় লস অ্যাঞ্জেলেস। ম্যাচের ৩৮ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন ফরোয়ার্ড মার্তিনেজ। এই গোলেই বিরতিতে ১–০ ব্যবধানে এগিয়ে থাকে স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়াতে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে লস অ্যাঞ্জেলেস এফসি। ৭৩ মিনিটে দ্বিতীয় গোল পেয়ে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় তারা। 

ম্যাচের অন্যতম আলোচিত মুহূর্ত আসে লস অ্যাঞ্জেলেসের দ্বিতীয় গোলে। গ্যাবনের ফরোয়ার্ড দেনি বুয়াঙ্গা প্রতিপক্ষ গোলরক্ষককে সামনে এগিয়ে আসতে দেখে দূর থেকে চমৎকার কৌশলে বল নিয়ন্ত্রণ করে নিজেই সুযোগ তৈরি করেন এবং দারুণ শটে বল জালে পাঠান। তার এই দর্শনীয় গোলেই ম্যাচের মোড় পুরোপুরি ঘুরে যায়।

পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার চেষ্টা চালায় মায়ামি, তবে রক্ষণভাগ ভাঙতে পারেনি। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে তৃতীয় গোল করে জয় নিশ্চিত করেন বদলি খেলোয়াড় অর্ডাজ। এতে ৩–০ ব্যবধানে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে লস অ্যাঞ্জেলেস। ম্যাচজুড়ে আক্রমণ, গতি ও সুযোগ তৈরিতে এগিয়ে ছিল লস অ্যাঞ্জেলেস এফসি। অন্যদিকে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি মাঠে থাকলেও গোল কিংবা বড় কোনো প্রভাব রাখতে পারেননি। ফলে বড় ব্যবধানের হার নিয়েই মৌসুম শুরু করতে হলো ইন্টার মায়ামিকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত