দুমকিতে চুরির চেষ্টাকালে কিশোর আটক, থানা ঘেরাও করে জনতার বিক্ষোভ

পটুয়াখালীর দুমকি উপজেলার থানা ব্রিজ এলাকায় চুরির চেষ্টাকালে এক কিশোরকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। এ ঘটনায় উত্তেজিত ব্যবসায়ীরা থানার ফটক ঘেরাও করে বিক্ষোভ করেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আটক কিশোর আকাশ (১৩) বাদশাবাড়ি গ্রামের বাসিন্দা। তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগে একই এলাকায় এক রাতে সাতটি দোকানে চুরির ঘটনা ঘটে। শনিবার রাতে থানা ব্রিজ সংলগ্ন একটি মুদি দোকানের টিনের বেড়া কেটে ভেতরে প্রবেশের চেষ্টা করলে পাশের দোকানির সন্দেহ হয়। পরে স্থানীয়রা তালা ভেঙে ভেতর থেকে তাকে আটক করে।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে সহস্রাধিক ব্যবসায়ী ও এলাকাবাসী জড়ো হন। একপর্যায়ে জনতা আটক কিশোরকে মারধরের চেষ্টা করলে উপস্থিত কয়েকজন সচেতন ব্যক্তি তাকে রক্ষা করে পুলিশে খবর দেন। পুলিশ অতিরিক্ত ফোর্স নিয়ে এসে তাকে থানায় নিয়ে গেলে বিক্ষুব্ধ ব্যবসায়ীরা থানার সামনে স্লোগান দেন। পরিস্থিতি সামাল দিতে থানা ফটক বন্ধ রেখে মাইকিং করা হয়।