ইসি মাছউদ

স্থানীয় সরকারে নির্দলীয় নাকি দলীয় প্রতীকে ভোট, সিদ্ধান্ত সংসদের

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে মেয়র পদে দলীয় প্রতীকে ভোট হবে কি না, তা এখন জাতীয় সংসদের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, বর্তমান সংসদে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করায় দলীয় প্রতীকের বিধান রাখা বা বাতিলের বিষয়টি মূলত দলটির সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

রবিবার (২২ ফেব্রুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ এ তথ্য জানান। 

তিনি বলেন, আমার জানামতে, অর্ডিন্যান্সের মাধ্যমে মেয়র প্রার্থী পদে দলীয় মনোনয়নের বিষয়টি বাদ দেওয়া হয়েছে। এখন সংসদ বসবে। সংসদ বসার পর এই বিল বা অর্ডিন্যান্স যদি অনুমোদন হয়, তবে সেভাবেই নির্বাচন হবে। আর যদি পরিবর্তন হয়ে আগের অবস্থায় ফিরে যায়, তবে অন্য রকম হবে। আমরা মূলত সংসদ অধিবেশনের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে আছি।

একই আলাপকালে তিনি সংরক্ষিত নারী আসন ও স্থগিত হওয়া উপনির্বাচনগুলো নিয়ে কমিশনের ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরেন।

সংরক্ষিত নারী আসনের নির্বাচন প্রসঙ্গে কমিশনার জানান, এ নির্বাচনের প্রক্রিয়া কার্যত শুরু হয়ে গেছে। সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলো যাদের মনোনীত করবেন, মূলত তারাই নির্বাচিত হবেন। দলগুলো ইতোমধ্যে প্রাথমিক কাজ শুরু করেছে। তিনি আরও জানান, বিধি অনুযায়ী, সংসদ সদস্যদের শপথ গ্রহণের ৯০ দিনের মধ্যে এই নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে এবং কমিশন সেই সময়ের মধ্যেই তা সম্পন্ন করবে।