গাইবান্ধার গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে এসমেতারা নুরমা (১৬) নামে এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে।
রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের সমসপাড়া চৌধুরীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নুরমা ওই গ্রামের বাসিন্দা নজরুল ইসলামের মেয়ে। সে স্থানীয় তালতলা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনির ছাত্রী ছিল।
নজরুল ইসলাম জানান, এর আগে দুপুরের দিকে তার মেয়ে নিজবাড়ি থেকে নিখোঁজ হয়। বিভিন্ন স্থানে খোঁজা খোঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরে বিকালে প্রতিবেশী হযরত আলীর সেপটিক ট্যাংকে তার মরদেহ পাওয়া যায়। তার ধারণা, তার মেয়েকে হত্যা করে দুর্বৃত্তরা ওই স্থানে মরদেহ রেখে সটকে পড়ে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, স্থানীয়দের খবরের প্রেক্ষিতে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি অব্যাহত রয়েছে।