স্বরাষ্ট্রমন্ত্রী বললেন

পুলিশের শীর্ষ পর্যায়ে কিছু পরিবর্তন হবে

পুলিশের শীর্ষপর্যায়ে রদবদল শুরু হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, কিছু পরিবর্তন তো আসবেই। পুলিশকে জনগণের আস্থাভাজন প্রতিষ্ঠানে পরিণত করতে হবে এবং ভাবমূর্তি পুনর্গঠনের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে। গতকাল রবিবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পুলিশের টপ লেভেলে বড় পরিবর্তন আসতে পারে, সেটা কি শিগগিরই আসবে নাকি আরও দেরি হবে এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘না, কিছু পরিবর্তন তো আসবেই।’

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, রাষ্ট্রপতির সংসদ অধিবেশন আহ্বানের যে প্রজ্ঞাপন, সেটা যেদিন সেশন হবে তার কমপক্ষে ১৫ দিন আগে প্রজ্ঞাপন করতে হয়। এই সামারিটা জাতীয় সংসদ সচিবালয় থেকে প্রধানমন্ত্রীর দপ্তর হয়ে রাষ্ট্রপতির কাছে যাবে। রাষ্ট্রপতি সেটা অনুমোদন করে সংসদ অধিবেশন আহ্বান করবেন। সেইমতে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমেই সংসদ অধিবেশন আহ্বান করবেন রাষ্ট্রপতি। সেটা নির্ধারণ হয়েছে মার্চের ১২ তারিখে সংসদ অধিবেশন আহ্বান করা হবে। সেই অধিবেশনে কী কী কর্মসূচি থাকবে, কার্যসূচি, অর্ডার অব দ্য ডে, সে বিষয়ে আলোচনা হয়েছে।

যেমন সেই অধিবেশনে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচিত হবে এবং অন্তর্বর্তী সরকারের আমলে যেসব অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে সেগুলো উপস্থাপন করা হবে। শোক প্রস্তাব হবে প্রথা মাফিক এবং রাষ্ট্রপতির ভাষণ হবে। আর অন্যান্য যেসব বিষয় থাকবে সেগুলো পার্লামেন্টের রেগুলার যেগুলো জব, সেগুলো, বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে কি কোনো আলোচনা হয়েছে, জানতে চাইলে তিনি বলেন, না, সে বিষয়ে এখনো কোনো আলোচনা হয়নি। স্পিকার, ডেপুটি স্পিকারের পর চূড়ান্ত করা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।