ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ইজিবাইকের চোরাই কারখানায় অভিযান চালিয়ে ৬টি ইজিবাইক উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করা হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ। এতে নেতৃত্ব দেন উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা যায়, ফরিদপুর শহরের বিভিন্ন স্থান থেকে সম্প্রতি একাধিক ইজিবাইক চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীরা কোতোয়ালি থানায় মামলা দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালমারীর সাতৈর বাজার গোরস্থানের সামনে অবস্থিত ‘মা মটরস এন্ড অটোমোবাইল ওয়ার্কসপ’ নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।
প্রতিষ্ঠানটি মো. ইলিয়াস হোসেনের মালিকানাধীন বলে জানা গেছে। অভিযানকালে দোকান থেকে ৬টি ইজিবাইক উদ্ধার করা হয়। পাশাপাশি একাধিক ইজিবাইকের চ্যাসিস, মোটর, ব্যাটারি ও বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করা হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুরি করা ইজিবাইকগুলো সেখানে এনে খুলে যন্ত্রাংশ আলাদাভাবে বিক্রি করা হতো। একই সঙ্গে চোরাই যন্ত্রাংশ ব্যবহার করে ইজিবাইক তৈরি করেও বাজারজাত করা হতো বলে সন্দেহ করছে পুলিশ।
আটক ব্যক্তিদের নাম পুলিশ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি।
উপ-পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, ৬টি ইজিবাইক ও বিপুল পরিমাণ ইজিবাইকের যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, “কোতোয়ালি থানায় ইজিবাইক চুরির অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ ও জেলা ডিবি যৌথভাবে অভিযান পরিচালনা করেছে। আমরা তাদের সহায়তা করেছি। শুনেছি ৬ জনকে আটক করা হয়েছে।”