৬১৬ রানের ম্যাচে আকবরের সেঞ্চুরি শান্ত-তামিমের ফিফটি মুমিনুলের ৮৩

আকবর আলীর বিধ্বংসী সেঞ্চুরি এবং লেগ স্পিনার রিশাদ হোসেনের ঘূর্ণি জাদুতে বিসিএল ওয়ানডে টুর্নামেন্টে ইস্ট জোনকে ৫৪ রানে হারিয়েছে নর্থ জোন।

বগুড়ার শহিদ চান্দু স্টেডিয়ামে সকালে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে নর্থ জোন ২০ রানে প্রথম উইকেট হারায়। তবে দ্বিতীয় উইকেটে নাজমুল হোসেন শান্ত এবং তানজিদ হাসান তামিমের ৮২ রানের জুটি দলকে মজবুত ভিত গড়ে দেয়। তামিম মাত্র ৩৭ বলে ফিফটি পূর্ণ করে ৪৪ বলে ৫৪ রান করেন। অন্যদিকে, অধিনায়ক শান্ত ৮৭ বলে খেলেন ৬৮ রানের লড়াকু ইনিংস।

মাঝপথে লিটন দাস (১০) ও তাওহীদ হৃদয় দ্রুত বিদায় নিলেও আকবর আলী হাল ধরেন। শান্তর সাথে ১২০ রানের জুটি গড়ার পথে আকবর ছিলেন আক্রমণাত্মক। মাত্র ৮১ বলে ৮টি চার ও ৬টি ছক্কায় ১১১ রানের এক অনবদ্য ইনিংস খেলেন তিনি। শেষ দিকে শরিফুলের ২০ ও সাকলাইনের ১৭ রানের কল্যাণে নর্থ জোনের স্কোরবোর্ড ৩৩৫ রানে গিয়ে থামে। ইস্ট জোনের হয়ে খালেদ আহমেদ ৫২ রানে ৪টি উইকেট শিকার করেন।

রিশাদ হোসেন নেন ৪ উইকেট

৩৩৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় ইস্ট জোন। ওপেনার জাকির হাসান ৮ ও অমিত হাসান ২২ রানে সাজঘরে ফেরেন। পারভেজ হোসেন ইমন ৩৫ রান করে প্রতিরোধের চেষ্টা করলেও নাহিদ রানার শিকার হন তিনি।

পঞ্চম উইকেটে মুমিনুল হক ও অধিনায়ক ইয়াসির আলী রাব্বি ৭১ রান যোগ করে আশা জাগিয়েছিলেন। কিন্তু রিশাদ হোসেনের বোলিং তোপে ম্যাচে ফিরে আসে নর্থ জোন। ইয়াসিরকে ৪২ রানে ফিরিয়ে ব্রেক-থ্রু এনে দেন রিশাদ। এরপর একই ওভারে শামীম পাটোয়ারী ও সাইফউদ্দিনকে আউট করে ইস্ট জোনের ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দেন তিনি।

মুমিনুল হক এক প্রান্ত ধরে রেখে ৮২ বলে ৮৩ রানের চমৎকার একটি ইনিংস খেললেও তা কেবল হারের ব্যবধানই কমিয়েছে। শেষ পর্যন্ত ইস্ট জোন ২৮১ রানে অলআউট হয়। নর্থের পক্ষে রিশাদ হোসেন ৫৭ রানে ৪টি উইকেট নেন।