গোপালগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

গোপালগঞ্জের মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ১ জন নিহত ও অপর ১০ জন আহত হয়েছে। নিহতের নাম নিলু মুন্সী (৫০)।  উভয় গ্রুপই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে এই দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল।

জানা যায়, গতকাল সোমবার বেলা ১১টার দিকে মুকসুদপুর উপজেলার কমলাপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আনোয়ার মুন্সী গ্রুপ ও নূর ইসলাম গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের নারীসহ অন্তত ১১ জন আহত হয়। প্রথমে আহতদের মুকসুদপুর হাসপাতালে ভর্তি করা হয়। পরে মারাত্মক আহত নিলু মুন্সী, স্ত্রী রুপা বেগম (৪০), তার অপর আহত ভাই মিলন মুন্সী (৫২), দুলাল মুন্সী (৪০)কে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হলে সেখানে নিলু মুন্সীকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মুকসুদপুর থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে তারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি সেনা ও র‌্যাব সদস্যরা উপস্থিত রয়েছেন।