ফরিদপুরের বোয়ালমারীতে স্বপন ঘোষ (৫৬) নামে এক ভুয়া ভ্যাট অফিসারকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার বেলা ৩টার দিকে আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিব্বির আহমেদ।
জানা যায়, গতকাল দুপুরে স্বপন ঘোষ বোয়ালমারী ডাকবাংলো রোডে অবস্থিত আদর্শ প্রেসে গিয়ে ফরিদপুর ভ্যাট অফিসের এআরইউ অফিসার হিসেবে পরিচয় দিয়ে আদর্শ প্রেসের মালিক আমিনের কাছে টাকা দাবি করেন। এর আগেও দুই দফায় আমিনের কাছ থেকে ৮ হাজার টাকা নেন। এ সময় আমিন স্বপনের আইডি কার্ড দেখাতে বললে তিনি দেখাতে ব্যর্থ হন।
পরে খবর পেয়ে মো. শিব্বির আহমেদ ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠান।