পিরোজপুরে নারীকে মারধর করার ভিডিও ভাইরাল হওয়া সেই ছাত্রদল নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। গত রবিবার রাতে পিরোজপুর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক খালিদ হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাংগা ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিকুল ইসলাম মুন্নাকে সব সাংগঠনিক পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়েছে।
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার ও সাধারণ সম্পাদক মাহামুদ হাসান শাহীনের এ বহিষ্কার আদেশ অনুমোদন করেছে বলে উল্লেখ করা হয়েছে।
জানা যায়, আরিকুল ইসলাম মুন্না এক নারীকে মারধর করছেন, এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। তবে ওই নারীকে নিজের স্ত্রী বলে দাবি করেছেন মুন্না। তার এ দাবির সত্যতাও পাওয়া গেছে।