নড়াইলে আধিপত্য বিস্তারের জের

প্রতিপক্ষের হামলায় বাবা-ছেলেসহ নিহত ৪

নড়াইলে আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় বাবা-ছেলেসহ চারজন নিহত হয়েছেন। গতকাল সোমবার ভোর সাড়ে ৫টার দিকে নড়াইল সদর উপজেলার সিংগাশোলপুর ইউনিয়নের বড়কুলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন বড়কুলা গ্রামের খলিল গ্রুপের মাতুব্বর খলিল শেখ, তার ছেলে তাহাজ্জুদ হোসেন, প্রতিবেশী ফেরদৌস হোসেন এবং সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপের ওসিবুর মিয়া।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিংগাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামান খায়ের মোল্যা গ্রুপের সঙ্গে খলিল শেখ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে বিরোধ চলছিল। এর জেরে গতকাল ভোরে খায়ের মোল্যা গ্রুপের লোকজন পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে খলিল শেখ গ্রুপের বাড়িঘরে হামলা চালায়। হামলাকারীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে খলিল শেখে গ্রুপের লোকজনের বাড়ির ভেতরে প্রবেশ করে তাদের বেপরোয়াভাবে কোপাতে থাকে। হামলায় খলিল গ্রুপের মাতুব্বর খলিল শেখ ও তার ছেলে তাহাজ্জুদ হোসেন এবং প্রতিবেশী একই পক্ষের ফেরদৌস হোসেন ঘটনাস্থালেই নিহত হন। হামলায় খলিল গ্রুপের আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের নড়াইলসহ অন্যান্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় খায়ের গ্রুপের ওসিবুর নামে এক ব্যক্তিকে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর খায়ের মোল্যা গ্রুপের অন্তত ১০টি পরিবারের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ লোকজন। ঘটনার পর নড়াইলের পুলিশ সুপার আল মামুন সিকদারসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে। এদিকে নৃশংস এ হামলার ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

নড়াইলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আল মামুন শিকদার চারজনের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে খায়ের গ্রুপের হামলায় তিনজন এবং অপরপক্ষের একজন নিহত হয়েছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার সঙ্গে যারাই জড়িত, তাদের আইনের আওতায় আনা হবে।