মুক্তির অপেক্ষায় থাকা ‘কান্তারা-২’ সিনেমা ও কর্ণাটকের স্থানীয় দৈব ঐতিহ্য নিয়ে মন্তব্য ঘিরে আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেতা রণবীর সিং। ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে দায়ের হওয়া মামলার এফআইআর বাতিল চেয়ে তিনি কর্ণাটক হাইকোর্টে আবেদন করেছেন। বিষয়টি বর্তমানে আদালতের শুনানির অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।
গত বছরের ২৮ নভেম্বর গোয়া’য় আয়োজিত ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া (ইফি)-এর সমাপনী অনুষ্ঠানে দেওয়া একটি পরিবেশনা ও বক্তব্যকে কেন্দ্র করেই বিতর্কের সূচনা। অভিযোগ অনুযায়ী, ওই অনুষ্ঠানে রণবীর কর্ণাটকের উপকূলীয় অঞ্চলে পূজিত পঞ্জুরলি ও গুলিগা দৈবের অভিব্যক্তি অনুকরণ করেন এবং পবিত্র ‘চাভুন্ডি দৈব’-কে ‘মেয়ে ভূত’ বলে উল্লেখ করেন।
বেঙ্গালুরুর আইনজীবী প্রশান্ত মেথাল ২ ডিসেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও দেখার পর বিষয়টি নিয়ে আপত্তি তোলেন এবং অভিযোগ দায়ের করেন। তার দাবি, ‘চাভুন্ডি দৈব’ দেবীশক্তির প্রতীক হিসেবে পূজিত হন। তাকে ‘ভূত’ হিসেবে উল্লেখ ও বিকৃতভাবে উপস্থাপন করায় ভক্তদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে।
পরবর্তীতে ২৭ ডিসেম্বর অভিনেতার বিরুদ্ধে ব্যক্তিগত অভিযোগ দায়ের করা হয়। আদালতের নির্দেশে ২০২৬ সালের জানুয়ারিতে হাই গ্রাউন্ডস থানা-য় ভারতীয় ন্যায় সংহিতার ১৯৬, ২৯৯ ও ৩০২ ধারায় মামলা রুজু হয়।
মামলাটি বর্তমানে বেঙ্গালুরুর প্রথম অতিরিক্ত মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন। আগামী ৮ এপ্রিল শুনানির দিন ধার্য রয়েছে। আইনি জটিলতা থেকে মুক্তি পেতে এফআইআর বাতিলের আবেদন করেছেন রণবীর সিং।