ফুটন্ত পানির নদী

রহস্যে ভরা আমাজন জঙ্গল নয়টি দেশের সীমান্তবর্তী এলাকা জুড়ে রয়েছে। জঙ্গলে এমন প্রজাতির পশু-পাখি, গাছ-গাছালি রয়েছে, যাদের সম্পর্কে আমাদের এখনো কোনো ধারণা নেই। পেরু সংলগ্ন আমাজনের একটি অংশে নদী রয়েছে, যেখানে অবিরাম পানি ফুটছে। একে বলা হয় ফুটন্ত নদী। বিজ্ঞানীরা তাকে বিশে^র বৃহত্তম ‘থার্মাল রিভার’ বলে মনে করছেন। এই নদীর পানি ফুটছে কেন, তার কারণ বোঝার চেষ্টা করছেন তারা। নদীটি ২০১১ সালে ভূতত্ত্ববিদ আন্দ্রে রুজো আবিষ্কার করেছিলেন। আসলে আন্দ্রে ছোটবেলায় দাদুর কাছ থেকে ফুটন্ত নদীর গল্প শুনতেন।  বৈজ্ঞানিক আন্দ্রে নিশ্চিত ছিলেন, লোককাহিনীতে যদি এটি উল্লেখ করা হয়, তবে বাস্তবে এমন একটি নদী অবশ্যই থাকবে। সেই বছরই আমাজনের গভীরে যাওয়ার সময় আন্দ্রে নিজেকে প্রস্তুত করেছিলেন। এরপর চার মাইল পর্যন্ত বিস্তৃত এই নদীর হদিশ পান আন্দ্রে। পেরুর জনজাতি আশানুনকা ওই নদীর পাশে বসতি স্থাপন করেছিল। ময়ানতুয়াকু নামটা তাদেরই দেওয়া। তারা এই নদীকে পবিত্র মনে করেন। আন্দ্রে জানিয়েছিলেন, নদীর পানি এতটাই গরম যে, এক মিনিট আঙুল ডুবিয়ে রাখলে পুড়ে যেতে পারে। ‘দ্য বয়লিং রিভার : আমাজন অ্যাডভেঞ্চার অ্যান্ড ডিসকভারি’  বইতে আন্দ্রে এই নদীর কথা লিখেছেন।