প্রথমবারের মতো নারী বাংলাদেশ প্রিমিয়ার লিগ (ডব্লিউবিপিএল) আয়োজনের প্রস্তুতি আনুষ্ঠানিকভাবে শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার অনুষ্ঠিত হয়েছে টুর্নামেন্টের প্রথম সমন্বয় সভা।
টুর্নামেন্টে থাকবে তিনটি দল। লিগ পর্বে একে অপরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে সব দল। সব মিলিয়ে প্রথম পর্বে হবে ছয়টি ম্যাচ, এরপর ফাইনাল। আগামী ৪ এপ্রিল চট্টগ্রামে শুরু হবে ডব্লিউবিপিএলের খেলা। এরপর ঢাকায় চলে আসবে টুর্নামেন্ট। প্রথম পর্ব শেষে ১৪ এপ্রিল, পহেলা বৈশাখে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে ফাইনাল ও সমাপনী অনুষ্ঠান।
খেলোয়াড় বাছাইয়ে নিলামের বদলে ড্রাফট পদ্ধতি অনুসরণ করা হবে। বিপিএলের খেলোয়াড়দের পারিশ্রমিক কাঠামোও প্রকাশ করা হয়েছে। আইকন ক্রিকেটাররা পাবেন ১০ লাখ টাকা, এ গ্রেডে ৭ লাখ টাকা, বি গ্রেডে ৫ লাখ টাকা। অন্তত দুই জন বিদেশী ক্রিকেটারকে ফ্র্যাঞ্চাইজিদের একাদশে অন্তর্ভুক্ত করতে হবে, বিদেশীদের ক্ষেত্রে ‘এ’ গ্রেডে পারিশ্রমিক ধরা হয়েছে ৮০০০ ডলার, বি গ্রেডে ৬০০০ ডলার ও সি গ্রেডে ৩০০০ ডলার। কারা খেলতে আসবে সেই ব্যপারে রুবাবা জানিয়েছেন, ‘বেশ কিছু ইন্টারন্যাশনাল প্লেয়ার অলরেডি আগ্রহ দেখাচ্ছে। এটা আমরা ভেরি সুন আপনাদেরকে একটা প্রেস কনফারেন্সের মাধ্যমে জানাবো কোন টিমরা এখানে ইন্টারেস্ট শো করেছে। তারপরে তারা আসলে ওই প্লেয়ারদের সাথে যোগাযোগ করবে এবং তারপরে প্লেয়ারদের নিয়োগ হবে। বাট বেশ ভালো ভালো কিছু স্টার প্লেয়ারও আছে যারা ইন্টারেস্ট শো করছে।‘
ভারতের ক্রিকেটারদের বিশ্বের অন্য ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে অনাপত্তিপত্র দেয় না বিসিসিআই। রুবাবা জানিয়েছেন, নির্দিষ্ট কোন দেশের ব্যাপারে আলাদা করে কোন ভাবনা নেই , ‘উই আর ওপেন টু অল একচুয়ালি। এরকম স্পেসিফিকি কোন কান্ট্রি স্পেসিফিক কিছু নাই। ইন্টারেস্ট এবং যে টিমরা সে ধরনের প্লেয়ারদেরকে আনতে চাচ্ছেন তারা আনতে পারবেন। ওপেন টু অল।‘
বিদেশি খেলোয়াড় নেওয়ার ক্ষেত্রে আইপিএলের মতোই নিয়ম রাখা হবে- একাদশে সর্বনিম্ন দুইজন, সর্বোচ্চ তিন থেকে চারজন বিদেশি থাকতে পারেন।
৪ মার্চের ভেতর আগ্রহী প্রতিষ্ঠানদের নিকট হতে আগ্রহপত্র চেয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজি ফি প্রতি মৌসুমের জন্য ২৫ লাখ টাকা, পরবর্তীতে প্রতি মৌসুমের জন্য ১৫% করে বাড়বে। আপাতত ৩ মৌসুমের জন্য ফ্র্যাঞ্চাইজি স্বত্ব দেবে বিসিবি। চ্যাম্পিয়নরা পাবে ৮০ লাখ টাকা।
বিপিএলে আর্থিক অনিয়ম সংক্রান্ত অভিজ্ঞতাগুলো ভাল নয় বিসিবি’র। রুবাবা চাইছেন সেসব থেকে শিক্ষা নিয়ে পরিচ্ছন্ন রাখতে মেয়েদের বিপিএলকে, ‘আমরা অলরেডি সবকিছু প্ল্যান করে ফেলেছি যে কিভাবে আমরা পেমেন্ট গুলাকে এনসিওর করব এবং এনসর করব যে টাইমলি যাতে এটা ডিসবারসমেন্ট হয়, যে প্লেয়ারের যেটা পাওনা সেটা যাতে যায়। এন্ড যারা টিম ওনার হবে আমরা সেভাবে করে সিলেকশন গুলো করব। এটা ফার্স্ট টাইম হতে যাচ্ছে, সো আই হোপ যে আমরা ভালো কিছু ওনারস পাবো যাদের ওই ধরনের ক্রেডিবিলিটি আছে এবং ওই ধরনের সামর্থ্যটা আছে।‘