বিশ্বকাপের আগে স্কটল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে জ্যোতিরা

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩৯ পিএম

মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বড় পরিকল্পনা সাজিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ২০২৫ সালে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের আগে প্রস্তুতি ছিল সামান্য। দেশের ক্রিকেটারদের নিয়ে দুটো দল আর সঙ্গে অনূর্ধ-১৫ বালক ক্রিকেটারদের নিয়ে একটা দল গড়ে চ্যালেঞ্জ কাপ খেলেই বিশ্বকাপের প্রস্তুতি সেরেছিলেন নিগার সুলতানা জ্যোতিরা। এবার ইংল্যান্ডে হতে যাওয়া মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এপ্রিলে দেশে হবে মেয়েদের বিপিএল। এরপর দেশে একটা সিরিজ খেলে বিশ্বকাপ খেলার আগে স্কটল্যান্ডে নেদারল্যান্ডসকে সঙ্গে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজও খেলবে বাংলাদেশ।

বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড কার্যালয়ে বিসিবি’র নারী বিভাগের চেয়ারম্যান রুবাবা দৌলা মতিন সাংবাদিকদের জানান, বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতির বহরটা বড় হচ্ছে, ‘বাছাই পর্বে তারা (নারী দল) অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে, ৭টা ম্যাচ জিতে তারা বিশ্বকাপে অংশ নেয়ার যোগ্যতা অর্জন করেছে। তারা যাচ্ছে ইংল্যান্ডে, বিশ্বকাপ খেলতে। তার আগে আমরা যেটা করছি, একটা হচ্ছে বিপিএল। তার আগে একটা হোম সিরিজ হচ্ছে, (শ্রীলঙ্কার বিপক্ষে), এরপর আমরা একটা ত্রিদেশীয় সিরিজ আয়োজন করছি স্কটল্যান্ডে; স্কটল্যান্ড, নেদারল্যান্ডস কে নিয়ে। এই জিনিষগুলো আমরা এরই মধ্যে পরিকল্পনা করে ফেলেছি।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত