রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয় থেকে রেঞ্জের অধীন আট জেলার পুলিশ সুপারদের প্রতি একটি বিশেষ গোপনীয় নির্দেশনা জারি করা হয়েছে। ওই নির্দেশনায় বর্তমানে কার্যক্রম স্থগিত বা নিষিদ্ধ থাকা ‘ফ্যাসিস্ট’ সংগঠনগুলোর নেতাকর্মীদের আদালত থেকে জামিন পাওয়ার পর পুনরায় গ্রেপ্তার বা ‘শোন-অ্যারেস্ট’ দেখাতে বলা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান সই করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
নির্দেশনায় বলা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ/স্থগিত ফ্যাসিস্ট সংগঠন/সংগঠনসমূহের যে নেতৃবৃন্দ এবং কর্মী জামিনে মুক্তির পর দলকে শক্তিশালী, সংগঠিতকরণ এবং মাঠপর্যায়ে তৎপরতা প্রদর্শন করতে সক্ষম, তাদের জামিন হওয়ার পর অন্য মামলায় গ্রেপ্তার দেখাতে (শ্যোন অ্যারেস্ট) হবে। আর যারা বর্ণিত বৈশিষ্ট্যের অধিকারী নয়, তাদের জামিন হলে গ্রেপ্তার (শ্যোন অ্যারেস্ট) দেখানোর প্রয়োজন আপাতত নেই।
(২) প্রটোকল ও প্রটেকশন প্রদানের ক্ষেত্রে প্রচলিত আইন ও বিধি অনুসরণ করতে হবে।’
চিঠিতে আরও বলা হয়েছে, ইতিপূর্বে এ বিষয়ে গ্রুপ মেসেজের মাধ্যমে পুলিশ সুপারদের অবহিত করা হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অনুসরণীয় হিসেবে উল্লেখ করা হয়েছে চিঠিতে। রাজশাহী রেঞ্জের আওতায় থাকা রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া ও জয়পুরহাট এই আট জেলার পুলিশ সুপারদের কাছে এই নির্দেশনা পাঠানো হয়েছে।
এ বিষয়ে রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান বলেন, ‘চিঠিটি সঠিক। তবে এর ভুল ব্যাখ্যা করা হচ্ছে। এটি একটি বার্তা। আমরা মূলত আমাদের গোয়েন্দা এসবিকে নির্দেশনা দিয়েছি। তবে এটি মাঠ পর্যায়ে বাস্তবায়ন হবে কি-না সেটি বলা হয়নি। এটি আমরা পর্যবেক্ষণের জন্য করেছি।’ তিনি বলেন, ‘জনগণের জানমালের নিরাপত্তার জন্য বা মবের বিরুদ্ধে আগাম তথ্য দিয়ে রেখেছি। যাতে করে পুলিশ সে বিষয়ে ব্যবস্থা নিতে পারে।’