শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধে হামলা, নিহত ১

এদিকে, আনোয়ারের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় উত্তেজিত জনতা ক্ষুব্ধ হয়ে জয়দুল ঢালীর বাড়িতে অগ্নিসংযোগ করে।
 
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ এএম
শরীয়তপুরের নড়িয়ায় কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আনোয়ার হোসেন ভূঁইয়া নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় আরও একজন আহত হন। তাকে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
 
বুধবার সন্ধ্যায় উপজেলার ভুমখাড়া ইউনিয়নের মানাখান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার ভূঁইয়া মানাখান এলাকার সেকেন্দার ভূঁইয়ার ছেলে।
 
পুলিশ ও স্থানীয়রা জানায়, মানাখান গ্রামের কবরস্থানের জায়গা নিয়ে স্থানীয় জয়দুল ঢালীর সঙ্গে রুবেল ঢালীর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। তার জের ধরে গত শুক্রবার জুমার নামাজের পর রুবেল ঢালীর সাথে জয়দুল ঢালীর তর্কবিতর্ক হয়। এই ঘটনাকে কেন্দ্র করে আজ বুধবার সন্ধ্যায় রুবেল ঢালী যখন জয়দুল ঢালীর বাড়ির সামনে দিয়ে স্থানীয় কদমতলা বাজারে যাচ্ছিলেন, তখন ওৎপেতে থাকা জয়দুল ও তার লোকজন কাঠ দিয়ে রুবেল ঢালীকে আঘাত করতে থাকে। এসময় রুবেল ঢালীর আত্মীয় আনোয়ার হোসেন ভূঁইয়া তাকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও পিটিয়ে মারাত্মক জখম করা হয়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে প্রথমে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে আনোয়ার হোসেন ভূঁইয়ার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে অ্যাম্বুলেন্সে করে ঢাকা নেয়ার সময় পদ্মা সেতুতে পৌঁছলে আনোয়ারের মৃত্যু হয়। এদিকে প্রাথমিক চিকিৎসা শেষে রাতে রুবেল ঢালীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে কর্তব্যরত চিকিৎসক। 
 
এদিকে, আনোয়ারের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় উত্তেজিত জনতা ক্ষুব্ধ হয়ে জয়দুল ঢালীর বাড়িতে অগ্নিসংযোগ করে।
 
নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার  মহিউদ্দিন মিরাজ বলেন, কয়েকদিন আগে কবরস্থানের যায়গা নিয়ে দুই পক্ষের তর্কবিতর্কের এক পর্যায়ে হাতাহাতি হয়। ওই বিষয় নিয়ে আজ এক পক্ষের জয়দুল ঢালী আরেক পক্ষের দুইজনকে পেয়ে লাঠি (কাঠ) দিয়ে আঘাত করে। আঘাতে আনোয়ার নামের একজনের মৃত্যু হয়। আরেকজন আহত হন। অপরাধীদের ধরতে চেষ্টা করছে পুলিশ।
সর্বশেষ সর্বাধিক পঠিত