মাদারীপুরে টর্চ জ্বালিয়ে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের নওহাটা বাজার ও আশপাশ এলাকায় স্থানীয় মাতুব্বর ও হাওলাদার বংশের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার ইফতারের পর এ সংঘর্ষ শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ১০ থেকে ১৫টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

খবর পেয়ে র‍্যাব ও পুলিশের যৌথ বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনী কয়েকটি টিয়ার শেল নিক্ষেপ করে।

মাদারীপুর সদর থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, একটি ছোট শিশুকে মারধর করার ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়। খবর পেয়ে পুলিশ ও র‍্যাব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বর্তমানে এলাকায় শান্ত পরিবেশ বিরাজ করছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে পুলিশ জানিয়েছে।