নতুন সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা ঈদের আগেই অনুষ্ঠিত হতে পারে বলে পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। সেই ধারাবাহিকতায় ইতিমধ্যেই ৯ সদস্যের একনেক কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। যে কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কমিটির বিকল্প সভাপতি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পরিকল্পনা মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা দেশ রূপান্তরকে জানিয়েছেন, দ্রুত একনেক সভা করার উদ্দেশে কমিটি গঠন করা হয়েছে। প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীদের চলমান প্রকল্পের বিষয়ে অবগত করা হচ্ছে। চলমান প্রকল্পগুলোর ইতিমধ্যেই পর্যালোচনা শুরু হয়ে গেছে। ঈদের বন্ধ শুরু হওয়ার আগেই প্রথম একনেক সভা অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
পরিকল্পনা মন্ত্রণালয় সূত্র বলছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতৃত্বে নতুন সরকারের প্রথম একনেক সভায় নতুন প্রকল্প অনুমোদনের তুলনায় চলমান উন্নয়ন প্রকল্পগুলো পরীক্ষা-নিরীক্ষা ও পর্যালোচনার ওপরই আলোচনা চলতে পারে।
প্রথম একনেক সভার আগে সরকারের পরিকল্পনার বিষয়ে জানতে চাইলে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, বর্তমান সরকার চলমান উন্নয়ন প্রকল্পগুলো বিভিন্নভাবে পরীক্ষা-নিরীক্ষা ও পর্যালোচনা করবে। তবে উন্নয়ন কার্যক্রম স্থবির বা গতিহীন করা সরকারের লক্ষ্য নয়। গতি বজায় রেখেই প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জনের মাধ্যমে এগিয়ে যাওয়াই সরকারের অবস্থান বলে জানিয়েছেন।
তিনি আরও বলেন, ‘চলমান প্রকল্পগুলো পুনর্মূল্যায়ন হবে, কিন্তু উন্নয়নের গতি বন্ধ হবে না। নতুন প্রকল্প গ্রহণের ক্ষেত্রেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে। আগামী দিনে যে প্রকল্পগুলো নেওয়া হবে, সেখানে বিবেচনার বিষয় হবে, কীভাবে সমষ্টিগতভাবে উন্নতি করা যায়। মানুষ কীভাবে শিক্ষা, দক্ষতা ও মানবিকতা অর্জন করতে পারে, এই জায়গা থেকেই উন্নয়ন পরিকল্পনা সাজানো হবে।’
এদিকে একনেক কমিটির বাকি সদস্যের মধ্যে রয়েছেন, অর্থ ও পরিকল্পনামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, শিল্পমন্ত্রী, আইনমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী এবং সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী।