খুলনায় নিখোঁজ ব্যবসায়ীকে উদ্ধার দাবি

খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ মিজানুর রহমান মিজানের জামাতা বিশিষ্ট ব্যবসায়ী কাজী নিজাম উদ্দিন সুজন (৩৫) ৫ দিন ধরে নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারের দাবি জানিয়ে গতকাল বুধবার সংবাদ সম্মেলন করেছেন তার পরিবার। খুলনা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে নিখোঁজ কাজী নিজাম উদ্দিন সুজনের বাবা কাজী আব্দুস সোবহান বলেন, তিনি খুলনা শহরের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। গত ২১ ফেব্রুয়ারি আমার ছেলে কাজী নিজাম উদ্দিন সুজন নিজ বাসভবনে ইফতার করে। এরপর একটু রেস্ট নিয়ে সন্ধ্যা ৭টা ৫৬ মিনিটে সে পুলিশ লাইনস মসজিদে তারাবিহ-এর নামাজ আদায় করতে যায়।

তিনি বলেন, মসজিদে সে নামাজ আদায় করে প্রায় আধাঘণ্টা পর মসজিদ থেকে বের হয়। এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। সিসিটিভির ভিডিও ফুটেজে দেখা যায় সে মসজিদ থেকে বের হয়ে সামনে রাস্তায় দাঁড়িয়ে আছে। এরপর আর তাকে দেখা যাচ্ছে না। আমরা আশপাশের অনেক সিসিটিভির ফুটেজ দেখে তার অবস্থান জানার চেষ্টা করি। কিন্তু ওই এলাকায় অনেক সিসি ক্যামেরা থাকলেও তা নষ্ট থাকায় আমরা তার পরবর্তী অবস্থান সম্পর্কে কিছুই জানতে পারিনি।