খালেদা জিয়ার আদর্শ ও ত্যাগ আমাদের প্রেরণার উৎস: মোস্তফা জামান

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান বলেছেন, বেগম খালেদা জিয়ার আদর্শ ও ত্যাগ আমাদের প্রেরণার উৎস। তার আপসহীন নেতৃত্ব ও গণতন্ত্র রক্ষার সংগ্রামই আজকের বিএনপিকে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়েছে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তরার রাজলক্ষ্মী এলাকায় খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা ও নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্থতা, পরিবারের মঙ্গল কামনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটোচালক দল—ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে এই মতবিনিময়সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় তিনি বলেন, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আবারও গণতন্ত্র, উন্নয়ন ও জনকল্যাণের পথে এগিয়ে যাবে। শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা ও ন্যায্যতা প্রতিষ্ঠায় বিএনপি সরকার প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। বিশেষ করে রিকশা, ভ্যান ও অটোচালকদের জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আশফাকুল ইসলাম মনু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাড. মাহফুজুর রহমান, সদস্য সচিব, কেন্দ্রীয় কমিটি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. আমিনুন্নবী, আহ্বায়ক—ঢাকা মহানগর উত্তর এবং সঞ্চালনা করেন শরীফ উদ্দিন আহমেদ, সদস্য সচিব—ঢাকা মহানগর উত্তর।

শেষে দেশ ও জাতির কল্যাণ, মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত এবং দেশনায়ক তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।