দেশের সার্বিক পরিস্থিতি এমন যে অনেকেই মনে করে সরকার চালানো অনেক সহজ। এমন একটি দল যাদের কোনো কিছুই নাই তবুও তাদেরকে কিছু ব্যক্তি ক্ষমতার আসনে বসাতে চায়। ক্ষমতা থেকে নামানো আর সরকার চালানো এক না বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান।
বুধবার (৪ জুন) বিকেলে রাজধানীর উত্তরাতে মুহাম্মাদ ফাউন্ডেশনের আয়োজনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু এবং দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল এবং পল্লবী হাতিরঝিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণকালে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অন্যদিকে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার স্বৈরাচার সরকারের মতো ঋণ নিয়ে ঋণ শোধ করার মতো বাজেট পেশ করেছে। গত ১৭ বছর স্বৈরাচার সরকার ঋণ করে ঋণ পরিশোধ করেছে কিন্তু এতে বাংলাদেশের মানুষের কোনো মান উন্নয়ন হয় নাই। বাংলাদেশের মানুষ গত ১৭ বছর তারা যে আন্দোলন করেছে সংগ্রাম করেছে, বাংলাদেশের মানুষের আন্দোলন সংগ্রামের মূল্যায়ন করে বাজেট দিতে এই অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়েছে।’
মোস্তফা জামান বলেন, ‘ক্ষমতার আসনে বসাতে হলে সাধারণ মানুষের কাছে যান। তাদের সাথে কথা বলেন। তাদের দুঃখ দুঃখে পাশে থাকেন। তাদের উন্নয়নের অগ্রনী ভূমিকা পালন করেন। তাদের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসনে বসাতে হবে যা আপনাদের নাই। তাই সে যোগ্যতা অর্জন করুন।’
এসময় তিনি অন্তর্বর্তী সরকারের কাছে আহবান জানান , আগামী ডিসেম্বরের ভিতরে নির্বাচন দেয়ার জন্য। জনগণের ভোটের অধিকার পরিপূর্ণ প্রতিষ্ঠার মাধ্যমেই দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে।
ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আফাজ উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, মাহাবুব আলম মন্টু প্রমুখ।
