প্রতারণা মামলায় জিমি লাইয়ের সাজা বাতিল

হংকং আদালতে বিরল এক জয় পেয়েছেন চীনবিরোধী গণতন্ত্রপন্থি মিডিয়া টাইকুন জিমি লাই। গতকাল বৃহস্পতিবার তাকে প্রতারণার মামলায় দোষী সাব্যস্ত করে নিম্ন আদালতের দেওয়া দণ্ড বাতিল করে দিয়েছে হংকংয়ের একটি আপিল আদালত। পশ্চিমা দেশগুলোর ব্যাপক পছন্দের এ মিডিয়া মুঘল সাম্প্রতিক বছরগুলোতে একাধিক মামলায় বিচারের মুখোমুখি হয়েছেন। তবে লাই আদালতে নিজেকে ‘রাজনৈতিক বন্দি’ বলে আখ্যা দিয়েছেন। জাতীয় নিরাপত্তা ক্ষুণœর অভিযোগসংশ্লিষ্ট পৃথক এক মামলায় কিছুদিন আগেই লাইকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। নিম্ন আদালতের বিচারক ‘ভুল করায়’ বৃহস্পতিবার বিচারক জেরেমি পুন, অ্যান্থিয়া প্যাং এবং ডেরেক প্যাং মিডিয়া টাইকুন লাই ও মামলার আরেক আসামির আপিল আবেদন মঞ্জুর করেন। সংক্ষিপ্ত রায়ে বিচারকরা বলেন, তাদের দোষী সাব্যস্ত করার যে রায় তার বিরুদ্ধে আপিলের অনুমতি দেওয়া হয়েছিল, আপিল মঞ্জুর হয়েছে, তাদের দোষী সাব্যস্ত করে দেওয়া রায় ও সাজা বাতিল করা হয়েছে। তবে সাজা বাতিল হলেও জাতীয় নিরাপত্তাসংশ্লিষ্ট অন্য মামলায় ২০ বছরের কারাদণ্ডের সাজা ভোগ করা লাইকে জেলেই থাকতে হবে।

লাইয়ের সংবাদমাধ্যম অ্যাপল ডেইলির সদর দপ্তর যে ভবনে অবস্থিত, সেখানে ব্যক্তিমালিকানাধীন কোম্পানি ডিকো কনসালট্যান্ট লিমিটেডের কার্যক্রম চলার বিষয়টি ‘চেপে গিয়ে’ লিজের শর্ত ভঙ্গ করার দায়ে, ২০২২ সালের ডিসেম্বরে লাইকে ৫ বছর ৯ মাসের কারাদণ্ড দিয়েছিল নিম্ন আদালত। আরেকটি প্রতিষ্ঠান নেক্সট ডিজিটালের নির্বাহী, ৬১ বছরের ওং ওয়াই-কেউং’ ও জালিয়াতির দায়ে দোষী সাব্যস্ত হন তাকে ২১ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল। ওই ভবনে কাজ চালাতে ডিকোর যে হংকং ইন্ডাস্ট্রিয়াল এস্টেট করপোরেশনে নিবন্ধিত হওয়ার আবেদন করা জরুরি, লাই সেটা জানতেন এবং জেনেশুনেই গণমাধ্যম কোম্পানির আড়ালে সেটিকে কাজ করতে দিয়েছেন রায়ে এমনটাই লিখেছিলেন নিম্ন আদালতের বিচারক স্ট্যানলি চ্যান। আপিল আবেদনের শুনানিতে লাইয়ের আইনজীবী ডেরেক চ্যান বলেন, লাইয়ের মালিকানাধীন কোম্পানি ডিকো মিডিয়া টাইকুনের ব্যক্তিগত অনেক কিছু সামলানোর পাশাপাশি অ্যাপল ডেইলির ছাপা ও প্রকাশনায়ও সহায়তা করত।