ভিনিসিয়ুসে শেষ ষোলোয় রিয়াল

উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো নিশ্চিত করল রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে বেনফিকাকে ২-১ গোলে হারিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। এতে দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানে তারা শেষ ষোলো নিশ্চিত করেছে। দলের হয়ে জয়সূচক গোলটি করেছেন ব্রাজিল তারকা ভিনিসিয়ুস জুনিয়র। রিয়াল ছাড়াও বুধবার রাতে শেষ ষোলো নিশ্চিত করেছে আতালান্তা, পিএসজি ও গালাতাসারাই।

বেনফিকা ম্যাচের আগে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। প্রথম লেগে গোল করার পর তিনি অভিযোগ করেছিলেন, প্রতিপক্ষের জিয়ানলুকা প্রেস্টিয়ানি তার প্রতি বর্ণবাদী আচরণ করেছেন। পরে প্রেস্টিয়ানিকে এক ম্যাচ নিষেধাজ্ঞা দেওয়া হয়, ফলে ফিরতি লেগে খেলতে পারেননি তিনি। বুধবারের ম্যাচ শুরুর আগে গ্যালারিতে স্প্যানিশ ভাষায় ‘বর্ণবাদকে না’ লেখা ব্যানার প্রদর্শন করে সমর্থকরা ভিনিসিয়ুসের প্রতি সংহতি জানান। মাঠের লড়াইয়ে অবশ্য সব মনোযোগই ছিল ফুটবলে।

ম্যাচের ১৪ মিনিটে রাফা সিলভার গোলে এগিয়ে যায় বেনফিকা। গোলরক্ষক থিবো কোর্তোয়া আত্মঘাতী গোল ঠেকালেও ফিরতি বলে জাল খুঁজে পান রাফা। তবে দুই মিনিটের মধ্যেই সমতা ফেরান অরেলিয়েন চুয়ামেনি। বক্সের প্রান্ত থেকে দারুণ শটে চ্যাম্পিয়নস লিগে নিজের প্রথম গোলটি করেন তিনি। চোটের কারণে দলে ছিলেন না কিলিয়ান এমবাপ্পে। আক্রমণে তার অভাব কিছুটা টের পেলেও ম্যাচের শেষভাগে দায়িত্ব তুলে নেন ভিনিসিয়ুস। নির্ধারিত সময়ের ১০ মিনিট আগে নিখুঁত ফিনিশে জয়সূচক গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। সাম্প্রতিক পাঁচ ম্যাচে এটি তার ষষ্ঠ গোল।

অন্যদিকে মোনাকোর বিপক্ষে ঘরের মাঠে ফিরতি লেগে ২-২ ড্র করে, ৫-৪ ব্যবধানে এগিয়ে থেকে নকআউটে উঠেছে শিরোপাধারী পিএসজি। প্রথম লেগে বরুশিয়া ডর্টমুন্ডের মাঠে ২-০ গোলে হারা আতালান্তা ঘরের মাঠে জিতেছে ৪-১ গোলে। ৪-৩ গোলের অগ্রগামিতায় শেষ ষোলো নিশ্চিত করেছে ইতালিয়ান ক্লাবটি। জুভেন্টাসের কাছে ৩-২ ব্যবধানে ম্যাচ হারলেও দুই লেগ মিলিয়ে ৭-৫ গোলের অগ্রগামিতায় শেষ ষোলোয় উঠেছে তুরস্কের ক্লাব গালাতাসারাই।

এবার প্রথম পর্বের পয়েন্ট টেবিলে শীর্ষ আটে থেকে সরাসরি নকআউট পর্বে জায়গা করে নিয়েছে আর্সেনাল, বায়ার্ন মিউনিখ, লিভারপুল, টটেনহ্যাম হটস্পার, বার্সেলোনা, চেলসি, স্পোর্তিং সিপি ও ম্যানচেস্টার সিটি। এ ছাড়া আতলেতিকো মাদ্রিদ, বায়ার লেভারকুসেন, নিউক্যাসল ইউনাইটেড ও বোদা/গ্লিমট প্লে-অফ থেকে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করে। শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত হবে আজ শুক্রবার।