মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের চরউলাইল গ্রামে মাদক উদ্ধার অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। হামলার ঘটনায় পৃথক দুটি মামলায় এ পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিংগাইর থানার ওসি মো. মাজহারুল ইসলাম।
জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে জেলা গোয়েন্দা শাখার এসআই মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে চরউলাইল গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় আলেকের ছেলে মো. লাব্লু মিয়াকে (৪৫) ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
আটক লাব্লুকে নিয়ে যাওয়ার সময় ওই গ্রামের সইজুদ্দিনের বাড়ির কাছে পৌঁছালে লাব্লুর আত্মীয়স্বজন ও স্থানীয় কয়েকজন ডিবি পুলিশের ওপর হামলা চালায় এবং লাব্লুকে ছিনিয়ে নেয়। হামলায় এসআই আনোয়ার হোসেন, কনস্টেবল মির্জা রেজাউল করিম ও হাসান আলী আহত হন। আহত দুই কনস্টেবল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং এসআই আনোয়ার প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এ ঘটনায় গতকাল শুক্রবার এসআই আনোয়ার হোসেন বাদী হয়ে সিংগাইর থানায় পৃথক দুটি মামলা করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলায় লাব্লুকে আসামি করা হয়েছে। অন্যদিকে পুলিশের ওপর হামলার ঘটনায় ১৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫ থেকে ২০ জনকে আসামি করে আরেকটি মামলা করা হয়েছে। সিংগাইর থানার ওসি মো. মাজহারুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতরা পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।