গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকার অরক্ষিত ম্যানহোলে পড়ে এক কিশোরের নির্মম মৃত্যু হয়েছে। এ ঘটনার ২৪ ঘণ্টা পার হয়ে গেলেও ঢাকনা দিয়ে ম্যানহোল ঢাকেনি সড়ক ও জনপথ বিভাগ। ঢাকনাবিহীন ওই ম্যানহোলের বিষয়ে একাধিক আবেদন দিলেও যেন টনক নড়েনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। তাদের এমন উদাসীনতায় ক্ষুব্ধ হয়েছেন এলাকাবাসী।
এলাকাবাসী, ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় এক কিশোর ওই এলাকায় মহাসড়কের ফুটপাত দিয়ে হাঁটছিল। অসাবধানতাবশত তিনি মহাসড়কের ড্রেনের অরক্ষিত ওই ম্যানহোলে পড়ে নিখোঁজ হন। বিষয়টি টের পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয় এলাকাবাসী।
খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। ঘণ্টাখানেক চেষ্টার পর ওই ম্যানহোল থেকে কিশোরের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।