সন্ত্রাস ও মাদকের পৃষ্ঠপোষকতা বন্ধ করতে চাই : বিদ্যুৎ প্রতিমন্ত্রী  

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন সন্ত্রাস ও মাদকের ক্ষেত্রে রাজনীতির পৃষ্ঠপোষকতা বিএনপি শতভাগ বন্ধ করতে চায়। আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে যশোর জেলা প্রশাসকের মিলনায়তনে প্রশাসন ও পুলিশ বিভাগের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, স্থানীয় সরকার যশোরের উপপরিচালক রফিকুল হাসানসহ জেলা প্রশাসন, পুলিশের শীর্ষকর্মকর্তা, আট উপজেলার উপজেলা নির্বাহী কর্মকতা ও থানার অফিসার ইনচার্জরা। 

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, এক সময়ে মানুষ মাদক বলতে চিনতো ফেনসিডিল; এখন সেটি অতিক্রম করেছে ইয়াবা। ইয়াবার বিস্তার এতোটাই হয়েছে যে এখন গ্রামের চায়ের দোকানেও এই ইয়াবা বিক্রি হয়। প্রশাসন এবং সংশ্লিষ্টরা আন্তরিক  হলেই কেবল এসব নির্মূল করা সম্ভব।

প্রতিমন্ত্রী বলেন, মাদক নিয়ন্ত্রণ না করতে পারলে চুরি ছিনতাইসহ নানা অপরাধ নিয়ন্ত্রণ অসম্ভব। মাদক ও সন্ত্রাস পরগাছা।  পৃষ্ঠপোষকতা ছাড়া এগুলোর বিস্তার ও টিকে থাকা অসম্ভব। প্রশাসন ও রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় মাদক ও সন্ত্রাসী কর্মকান্ড বিস্তার হয়। যখন যে দল ক্ষমতায় থাকে তাদের পৃষ্ঠপোষকতায় বৃদ্ধি পায়। বিএনপির রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় মাদক সন্ত্রাস শতভাগ বন্ধ করতে চাই। এই বার্তাটি আমার জেলা উপজেলার নেতাকর্মীদেরও জানিয়ে দিয়েছি। এটা শুধু আমার মুখের ভাষা নয়; এটা আমরা বন্ধে করে দেখাতে চাই।