মানিকগঞ্জের সিংগাইরে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ছ্যানদার কোপে এক বৃদ্ধের বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়েছে। এ ঘটনায় গত শুক্রবার রাতে চারজনকে অভিযুক্ত করে সিংগাইর থানায় মামলা করেছেন ভুক্তভোগীরা। এর আগে গত বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার জামির্ত্তা ইউনিয়নের রামচন্দ্রপুর (ধাইরাপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন রামচন্দ্রপুর (ধাইরাপাড়া) গ্রামের সোরহাব হোসেন (৬৬) ও তার ছোট ভাই শাজাহান (৫৫)।
এজাহারে অভিযুক্তরা হলেন একই গ্রামের মোহাম্মদ আলী, আহাম্মদ, আব্দুল জব্বার এবং পাশের চান্দহর ইউনিয়নের বাগুলী গ্রামের স্বপন।
ভুক্তভোগী ও এজাহার সূত্রে জানা গেছে, সোরহাবের সঙ্গে মোহাম্মদ আলী ও তার সহযোগীদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে সোরহাব স্থানীয় নাজিমুদ্দিন ফকিরের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় অভিযুক্তরা তাকে গালিগালাজ করেন। এর প্রতিবাদ করলে তারা ধারালো অস্ত্র (ছ্যানদা) নিয়ে হামলা চালায়। এতে সোরহাবের বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় ছোট ভাই শাজাহান এগিয়ে এলে তাকেও এলোপাতাড়ি কোপ দেওয়া হয়। এতে তার বাম হাতের আঙুল ও ডান পায়ের গোড়ালি জখম হয়।