ডিবি পুলিশ পরিচয়ে তেলবাহী ট্রাক ছিনতাই

ঢাকার সাভারের আশুলিয়ার ৬০ ব্যারেল সরিষার তেলবোঝাই একটি ট্রাক ছিনতাইয়ের কয়েক ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। ছিনতাইকারীরা নিজেদের পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সদস্য পরিচয় দেয় বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার ভোরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পল্লীবিদ্যুৎ এলাকার এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। এর চার ঘণ্টা পর ট্রাকটি ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর বায়তুল হাবিব জামে মসজিদের পাশে বিকল অবস্থায় উদ্ধার করে পুলিশ।

চালক খায়রুল ইসলাম বাবু বলেন, ‘সাভারের নামাবাজারের মোহনা অয়েল মিল থেকে তেলসহ ট্রাক নিয়ে সিরাজগঞ্জের উদ্দেশে রওনা হয়েছিলাম। ভোর ৪টার দিকে পল্লীবিদ্যুৎ এলাকায় একটি মাইক্রোবাস দিয়ে ট্রাকটির গতিরোধ করা হয়। পরে মাইক্রোবাস থেকে সাতজন নেমে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেয়। এরপরে আমাকে ও হেলপার সাব্বিরকে হাত-চোখ বেঁধে ট্রাক নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।’

মোহনা অয়েল মিলের মালিক আব্দুর রাজ্জাক বলেন, চালকের মোবাইল থেকে ফোন পেয়ে হেমায়েতপুরে ট্রাকটির অবস্থান জানা যায়। পরে সেখানে গিয়ে ট্রাকটি উদ্ধার করা হয়। দুর্বৃত্তরা তেলসহ ট্রাকটি ঢাকার দিকে নিয়ে যাচ্ছিল বলে জানান তিনি।

আশুলিয়া থানার উপপরিদর্শক আলমগীর হোসেন সোহাগ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।