খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নবাগত প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, খুলনা সিটি করপোরেশন হবে শতভাগ দুর্নীতিহীন একটি প্রতিষ্ঠান। আমি অবৈধ পয়সা আয় করতে চাই না, আমার সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা আমার দায়িত্ব পালনকালে যেন অবৈধ অর্থ লেনদেন না করে।
আজ রবিবার দুপুরে তিনি নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে কেসিসির প্রশাসক হিসাবে দায়িত্ব গ্রহণের পর নগরবাসীর উদ্দেশে তিনি এ সব কথা বলেন।
তিনি বলেন, সকল উন্নয়নমূলক কাজ হবে সঠিকভাবে। যেভাবে টেকসই উন্নয়ন হয়-সেই কাজটিই হবে। এখানে কোনও কমিশন বাণিজ্য সিটি করপোরেশনের প্রশাসক করবে না। সৎ জীবনযাপন করব। আমরা নাগরিকদের সঙ্গে নিয়েই সকল কর্ম পরিকল্পনা সাজাতে চাই- জনগণ যুক্ত হলে কাজগুলো সহজ ও সুন্দর হবে।
নজরুল ইসলাম মঞ্জু বলেন, সঠিক নাগরিক সেবা পেতে করপোরেশন সিন্ডিকেট মুক্ত করা হবে। একটি স্বচ্ছ, জবাবদিহিতামূলক শত বছরের ঐতিহ্যবাহী সিটি করপোরেশনকে শতভাগ সততা ও নিষ্ঠার সঙ্গে পরিচালনা করা আমার মূল দায়িত্ব। সিটি করপোরেশন এলাকার সকল নাগরিকের সম্মান ও মর্যাদা প্রদান এবং তাদের সমস্যা সমাধানে সব সময় নিরলসভাবে কাজ করে যাব এবং বাধাহীনভাবে এই সিটি করপোরেশনের সকল মানুষকে সার্বক্ষণিক সেবা দেওয়ায় থাকবে আমার নেতৃত্বে সকল কর্মকর্তা-কর্মচারীর দায়িত্ব।
তিনি বলেন, একটি পরিচ্ছন্ন সবুজ শহর, পরিকল্পিত পয়:নিষ্কাশন ব্যবস্থা, চাঁদাহীন, মাদকহীন, মশকহীন নিরাপদ খুলনা গড়াই থাকবে আমাদের লক্ষ্য।
মঞ্জু বলেন, একটি আধুনিক, নিরাপদ ও সবুজ শহর গড়তে সিটি করপোরেশনের সামর্থ অনুযায়ী চেষ্টা করব। আমি সকাল থেকে রাত অবধি নগরবাসীর কল্যাণে কাজ করতে চাই।
তিনি নগরবাসীকে আশ্বস্ত করে বলেন, আমি কারও প্রতি বিরাগভাজন কিংবা প্রতিহিংসা আমার মনে কাজ করবে না। সকলেই আমার কাজ থেকে নাগরিক সেবা ও সহযোগিতা পাবেন।
প্রশাসককে পরামর্শ দেওয়ার জন্য সব সময় সিটি করপোরেশনের দরজা নগরবাসীর জন্য খোলা থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, খুলনা শহর ব্যবসার শহর, মোকামের শহর, এ শহরের যাতায়াত সমস্যা অনেকটা ভঙ্গুর, শহরের কয়েকটি প্রতিষ্ঠান কাজ করছে-তারা দীর্ঘকাল জনদুর্ভোগ সৃষ্টি করছে। এই কাজগুলো দ্রুত সম্পন্ন করে দ্রুত সময়ের মধ্যে আমাদের জনদুর্ভোগ দূর করতে হবে। সকল উন্নয়মূলক কাজ স্বচ্ছভাবে সঠিক সময়ে কাজ শেষ হবে। এক্ষেত্রে ঠিকাদারদের বিল প্রদানে কোনও কমিশন বাণিজ্য হবে না। কোনও সিন্ডিকেট এই প্রতিষ্ঠানে টেন্ডার নিয়ন্ত্রণ করতে পারবে না।
এর আগে দুপুর পৌঁনে নবাগত কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু খুলনা বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদের কাজ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ। এসময় খুলনার সরকারি দপ্তরসমূহের শীর্ষ কর্মকর্তাগণ, মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, উন্নয়ন কর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।