খুলনা সিটি করপোরেশন পরিচালিত জোড়াগেট পশুর হাটে ৪ হাজার ৪৩৩টি গরু, ২ হাজার ২৭০টি ছাগল, ১৭৬টি ভেড়া এবং ১টি মহিষসহ মোট ৬ হাজার ৮৮০টি পশু বিক্রি হয়েছে। খুলনা বিভাগের সবচেয়ে বড় এই পশুর হাট থেকে ২ কোটি ১৫ লাখ ৪৪ হাজার ২৩২ টাকা হাসিল (রাজস্ব) আয় হয়েছে বলে জানিয়েছে খুলনা সিটি করপোরেশনের আইটি ম্যানেজার শেখ হাসান হাসিবুর হক।
হাসিবুর বলেন, গত বছর সাত দিনে এ হাটে ৬ হাজার ৬৫১টি পশু বিক্রি হয়েছিল। সেখান থেকে সিটি করপোরেশনের আয় হয়েছিল ২ কোটি ৭ লাখ টাকা।
এ বছরের পশুর হাট গত ২১ মে উদ্বোধন করেন সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। ঈদের দিন সকাল পর্যন্ত হাটটি চালু ছিল। ২০০৯ সাল থেকে প্রতিবছর নিজস্ব ব্যবস্থাপনায় খুলনা সিটি করপোরেশন ঈদের আগের সপ্তাহজুড়ে এই হাটের আয়োজন করে আসছে।
খুলনা সিটি করপোরেশনের সুপারিনটেনডেন্ট (ট্যাক্সেশন/বাজার) ও হাট পরিচালনা কমিটির সদস্যসচিব শেখ শফিকুল হাসান দিদার বলেন, নগরে পশু রাখার জায়গার সংকট থাকায় অনেক ক্রেতাই ঈদের এক-দুই দিন আগে পশু কিনতে চান। এ কারণে এ হাটের মূল কেনাবেচা সাধারণত ঈদের আগের দুই দিন ও ঈদের দিন সকাল পর্যন্ত বেশি হয়। এখানে বিভিন্ন জেলা থেকে পশু আসে।
দিদার আরও বলেন, এবারও চার শতাংশ হারে হাসিল নেওয়া হয়েছে এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
ড্রাইভারের হার্ড ব্রেক, ছিটকে পড়ে যাত্রী নিহত