কেসিসির গাড়ি থেকে তেল চুরি, হাতেনাতে ধরা চালক

আপডেট : ১৯ মার্চ ২০২৬, ০৬:৩১ পিএম

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ময়লা উত্তোলনকারী ব্যাক হুইলার লোডার-৬ গাড়ি থেকে তেল চুরির সময় হাতেনাতে ধরা পড়েছে গাড়ির চালক এনায়েত হোসেন বাবলু।

আজ বৃহস্পতিবার দুপুরে খুলনার খালিশপুরে এসটিএসে (সেকেন্ডারি ট্যান্সফার স্টেশন) এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে চুরিকৃত কমপক্ষে ১০ লিটার তেল উদ্ধার করেছে করপোরেশন কর্তৃপক্ষ।

করপোরেশনের কনজারভেন্সি অফিসার আনিসুর রহমান জানান, দীর্ঘদিন ধরে চালক বাবলু গাড়ি থেকে তেল চুরি করে আসছিল। এমন অভিযোগের ভিত্তিতে করপোরেশন কর্তৃপক্ষের নির্দেশনায় কর্মচারী নুরুজ্জামান সুমন তার ওপর নজরদারি রাখেন। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার নগরীর খালিশপুরে এসটিএসে (সেকেন্ডারি ট্যান্সফার স্টেশন) গাড়ি থেকে তেল চুরির সময় তাকে হাতেনাতে আটক করেন সুমন। আটকের পর চালক বাবলু আলামত নষ্ট করতে চুরিকৃত ড্রামভর্তি তেল ময়লার মধ্যে ঢেলে দেওয়ার চেষ্টা করেন। তখন নুরুজ্জামান সুমন সেই তেল রক্ষা করতে গেলে বাবলু ও চালকের সহকারী সুরুজ দুইজনে মিলেই তাকে মারধর করেন।

কনজারভেন্সি অফিসার আনিসুর রহমান আরও জানান, এ ঘটনায় চালক বাবলুকে ইতোমধ্যে ক্লোজড করা হয়েছে। এ ছাড়া একটি তদন্ত টিমও গঠন করা হয়েছে।

ঘটনার সত্যতা স্বীকার করে এ প্রসঙ্গে কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, তদন্তের ভিত্তিতে বিধি মোতাবেক তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত