নেত্রকোনায় এসি বিস্ফোরণে দগ্ধ ব্যবসায়ী রাজু সাহা মারা গেছেন। রবিবার (১ মার্চ) দুপুরে ঢাকার একটি হাসপাতালে মারা যান তিনি। এর আগে গতকাল শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার শহরের ছোট বাজার এলাকায় রাজু সাহার নিজ ব্যবসায় প্রতিষ্ঠানে ওই এসি বিস্ফোরণের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দোকানের এসি হঠাৎ বিস্ফোরণ হয়ে মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে যায়। এতে দোকানের মালামাল ছড়িয়ে ছিটিয়ে যাওয়ার পাশাপাশি এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনায় দগ্ধ রাজু সাহাকে উদ্ধার করে প্রথমে নেত্রকোনা সদর হাসপাতালে নেওয়া হয়।
সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে অবস্থার আরও অবনতি হলে রাতেই তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। সেখানেই আজ রবিবার চিকিৎসাধীন তার মৃত্যু হয়। ব্যবসায়ী রাজু সাহার মৃত্যুতে তার পরিবারসহ জেলা শহরের ব্যবসায়ী মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।