জয়পুরহাটে স্বামীর হাতে স্ত্রী খুন রাজবাড়ীতে বৃদ্ধকে হত্যা

রাজবাড়ীতে মাথায় আঘাত করে শমসের শেখ (৬৭) নামে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। গতকাল রবিবার ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের পশ্চিম গৌড়পুর এলাকার এই ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

নিহত শমসের শেখের বাড়ি সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের পশ্চিম গৌড়পুর গ্রামে। আটক ব্যক্তির নাম বরকত শেখ (৪৩)। তিনি একই এলাকার মজিদ শেখের ছেলে।

পুলিশ ও প্রতক্ষদর্শী সূত্রে জানা যায়, গ্রেপ্তার বরকত শেখ মাদকাসক্ত। রবিবার ভোরে শমসের মসজিদে নামাজ আদায় করতে গেলে বরকত তার ঘরে ঢুকে ভাঙচুর চালায়। এ সময় শমসেরের পুত্রবধূ হাসনা বেগম তাকে নিষেধ করতে থাকেন। নামাজ শেষে শমসের বাড়িতে ফিরে এ অবস্থা দেখে প্রতিবাদ করতে গেলে বরকত একটি বাঁশ দিয়ে তার মাথায় আঘাত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জয়পুরহাটের কালাই উপজেলার এলতা উত্তরপাড়া গ্রামে পরকীয়া সন্দেহে স্বামী তার দ্বিতীয় স্ত্রীকে হত্যার পর পালিয়েছে। গত শনিবার রাত তিনটার দিকে নিহতের বাড়িতে এ ঘটেছে।

নিহত মোছাম্মৎ খালেদা (৩৫) কালাই উপজেলার এলতা উত্তরপাড়া গ্রামের আব্দুল বারী ওরফে সাইদুরের (৫৫) দ্বিতীয় স্ত্রী। পুলিশ ও স্থানীয়রা জানান, আব্দুল বারী ঘরজামাই হিসেবে স্ত্রীর পিতার বাড়িতে থাকতেন। গত ২৮ ফেব্রুয়ারি দুপুরে স্ত্রীকে মোবাইল ফোনে অন্য ব্যক্তির সঙ্গে কথা বলতে দেখে পরকীয়া সন্দেহে স্বামী তাকে মারধর করে সোনার গহনা কেড়ে নেয়। পরে রাত তিনটার দিকে স্বামী তার গলায় ওড়না ও তার পেঁচিয়ে হত্যা করে পালিয়ে যায়। কালাই থানার পরিদর্শক (তদন্ত) দীপেন্দ্রনাথ সিংহ বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, স্বামী তার স্ত্রীকে সন্দেহের জেরে হত্যা করে পালিয়েছে।