ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ তুলে আইনি লড়াই শুরু করেছেন বিএনপির প্রার্থীরা। এরই ধারাবাহিকতায় সোমবার (২ মার্চ) হাইকোর্টের নির্বাচনী ট্রাইব্যুনালে আরও চারজন প্রার্থী পৃথক মামলা দায়ের করেছেন। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বাধীন একক বেঞ্চে এসব আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মামলা দায়েরকারী বিএনপির ৪ প্রার্থী হলেন- কুড়িগ্রাম-২ আসনের সোহেল হোসাইন কায়কোবাদ, রংপুর-৬ আসনের সাইফুল ইসলাম, রংপুর-৪ আসনের এমদাদুল হক ভরসা এবং রাজশাহী-১ আসনের মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দিন। তারা নিজ নিজ নির্বাচনী এলাকায় ভোটে অনিয়ম ও কারচুপির সুনির্দিষ্ট অভিযোগ এনে আদালতের হস্তক্ষেপ প্রার্থনা করেছেন।
এর আগে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়মের বিরুদ্ধে করা ‘নির্বাচনী’ আবেদন শুনানির জন্য হাইকোর্ট বিভাগে এই বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের একক বেঞ্চকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। আদালতের কার্যতালিকায় দেখা যায়, ২০০১ সালের সংশোধিত গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ মোতাবেক এই বেঞ্চ নির্বাচনী আবেদনপত্র গ্রহণ ও রুল শুনানি করবেন।
উল্লেখ্য যে, এর আগেও দেশের নয়টি আসনে ভোটে কারচুপির অভিযোগ এনে নয়জন প্রার্থী পৃথকভাবে আবেদন করেছিলেন। সেই আবেদনগুলোর মধ্য থেকে চারটি ইতিপূর্বেই শুনানির জন্য গ্রহণ করেছেন আদালত। নতুন করে এই চার প্রার্থীর আবেদনের ফলে আইনি প্রক্রিয়ায় আসা অভিযোগের সংখ্যা আরও বাড়ল।