টেক্সাসের বারে বন্দুক হামলায় নিহত ২

যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের অস্টিন শহরে একটি বারের বাইরে বন্দুকধারীর হামলায় দুইজন নিহত এবং আরও ১৪ জন আহত হয়েছেন। ঘটনাটি সম্ভাব্য সন্ত্রাসী কর্মকাণ্ড কি না, তা খতিয়ে দেখছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)।

স্থানীয় পুলিশ জানায়, রবিবার (১ মার্চ) রাত প্রায় ২টার দিকে ইউনিভার্সিটি অব টেক্সাস ক্যাম্পাসের কাছে সিক্সথ স্ট্রিটে অবস্থিত বাফোর্ডস ব্যাকইয়ার্ড বিয়ার গার্ডেনের সামনে এ হামলার ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ সন্দেহভাজন হামলাকারী হিসেবে ৫৩ বছর বয়সী এনডিয়াগা দিয়াগনের নাম প্রকাশ করেছে। 

অভিযোগ অনুযায়ী, হামলাকারী তার এসইউভি গাড়ি নিয়ে বারটির সামনে কয়েকবার চক্কর দেওয়ার পর গাড়ির ভেতর থেকে পিস্তল দিয়ে গুলি চালায়। পরে গাড়ি থেকে নেমে রাইফেল দিয়ে পথচারীদের লক্ষ্য করে গুলি চালাতে থাকে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তাকে গুলি করে হত্যা করে।

আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে কিছু আলামত মিলেছে যা সম্ভাব্য সন্ত্রাসী সংশ্লিষ্টতার ইঙ্গিত দেয়, তবে এখনো নির্দিষ্ট কোনো উদ্দেশ্য বা গোষ্ঠীর সঙ্গে সরাসরি সম্পৃক্ততার প্রমাণ মেলেনি।

হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘটনাটি সম্পর্কে অবহিত করা হয়েছে। টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে কেন্দ্র করে অঙ্গরাজ্যে কোনো ধরনের হুমকি এলে কঠোর জবাব দেওয়ার অঙ্গীকার করেছেন।