যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনে অভিবাসন অভিযান চালানোর সময় দেশটির ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)-এর এক কর্মকর্তার গুলিতে এক মেক্সিকান নাগরিক নিহত হয়েছেন। মঙ্গলবারের (৭ জুলাই) এ ঘটনার পর স্বাধীন তদন্তের দাবি উঠেছে। সূত্র আল জাজিরা।
নিহত ব্যক্তি লরেঞ্জো সালগাদো আরাউহো। আইসিইর দাবি, তিনি অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন এবং একটি লক্ষ্যভিত্তিক অভিযানে গ্রেপ্তার এড়াতে গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করেন। সংস্থাটির ভাষ্য, তিনি আইসিইর একটি গাড়িকে ধাক্কা দেন এবং এক কর্মকর্তার ওপর গাড়ি তুলে দেওয়ার চেষ্টা করলে আত্মরক্ষার্থে গুলি চালানো হয়।
তবে নিহতের ছেলে রোনালদো সালগাদো স্থানীয় স্প্যানিশ ভাষার টেলিভিশন টেলেমুন্ডো হিউস্টনকে জানান, তাঁর বাবা ওই এলাকায় শ্রমিক খুঁজতে গিয়েছিলেন। তিনি আইসিইর বর্ণনার সঙ্গে একমত নন।
এদিকে ঘটনাস্থলের কাছের একটি প্রতিষ্ঠানের নজরদারি ক্যামেরার ফুটেজে গুলির পর একটি সাদা ভ্যানের পাশে একজনকে মাটিতে পড়ে থাকতে এবং চারপাশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখা গেছে বলে জানিয়েছে রয়টার্স।
ঘটনার পর ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য সিলভিয়া গার্সিয়া নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন। একই দাবি জানিয়েছে অভিবাসী অধিকারবিষয়ক সংগঠন লিগ অব ইউনাইটেড লাতিন আমেরিকান সিটিজেনস (লুলাক)। সংগঠনটির প্রধান হুয়ান প্রোয়ানো বলেছেন, ঘটনার সব ভিডিও ও প্রমাণ প্রকাশ করা উচিত।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি অভিবাসন নীতি শুরুর পর থেকে আইসিই কর্মকর্তাদের গুলিতে অন্তত ছয়জন নিহত হয়েছেন। সাম্প্রতিক সময়ে দেশজুড়ে আইসিইর অভিযানও জোরদার হয়েছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, গত সপ্তাহে প্রতিদিন গড়ে প্রায় দুই হাজার অভিবাসীকে আটক করেছে সংস্থাটি।