সায়দাবাদে মাদক কারবারিদের গুলিতে ইন্সপেক্টর আহত

রাজধানীর সায়দাবাদে মাদক কারবারিদের গুলিতে মাদকদ্রব্য অধিদপ্তরের ইন্সপেক্টর ছিদ্দিকুর রহমান (৪০) নামে একজন আহত হয়েছেন। সোমবার (২ মার্চ) বেলা ১২টার দিকে সায়দাবাদ বাস টার্মিনালের পিছনে এই ঘটনা ঘটে।

মাদকদ্রব্য অধিদপ্তরের ঢাকা মেট্রোপলিটন দক্ষিণের উপপরিচালক মো. রাজিউর রহমান জানান, ছিদ্দিকুর রহমান খিলগাঁও জোনে কর্মরত। তাদের কয়েকটি ইউনিট আজ মাদকবিরোধী অভিযানে বের হন। সকালে দয়াগঞ্জ এলাকায় অভিযান শেষ করে এরপর যান সায়দাবাদ এলাকায়।  

তিনি জানান, সায়দাবাদ বাস টার্মিনালের পিছনে রেললাইনের পাশে কয়েকজন মাদক কারবারিকে সনাক্ত করে তাদের একজনকে ঝাপটে ধরে ছিদ্দিকুর। তখন ওই সন্ত্রাসী তার পকেটে থাকা পিস্তল বের করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে। এতে একটি গুলি ছিদ্দিকুরের বাম পায়ের এক পাশ দিয়ে ঢুকে আরেক পাশ দিয়ে বেরিয়ে যায়। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পরে যায় এবং সহকর্মীরা আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে গেলে সেখানকার জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয় বলে জানান।

মাসুম নামে এক মাদক কারবারি এই গুলি করেছে বলে জানায় সংস্থাটির কর্মকর্তারা।

এদিকে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, তার বাম পায়ে গুলিবিদ্ধ হয়েছে। তবে গুলিটি অন্য পাশ দিয়ে বেরিয়ে গেছে। তার অবস্থা আশঙ্কামুক্ত।