রাজধানীর তেজগাঁও কারওয়ান বাজার এলাকা থেকে গতকাল বুধবার রাতে শীর্ষ মাদক কারবারি সুরুজ মিয়াকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, তার বয়স ৩০ হলেও তার বিরুদ্ধে মামলা রয়েছে ৩১টি।
এ সময় পৃথক অভিযানে নারীসহ ৫ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন—লিটন মিয়া (৩৮), সাগর (২১), মো. আজাহার (৩৭), মো. শান্ত হোসেন (২৬) এবং মরিয়ম (২৮)।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার সুরুজ তেজগাঁওয়ের তালিকাভুক্ত শীর্ষ মাদক বিক্রেতা। সে মূলত গাঁজা বিক্রি করেন। তার বয়স ৩০ হলেও তার বিরুদ্ধে মাদক মামলা ৩১টি। সুরুজ বেশ কয়েকবার গ্রেপ্তার হয়েছেন। প্রতিবার গ্রেপ্তার হয়, জামিনে বের হয়ে আবারও গাঁজা বিক্রি করে।
তিনি বলেন, বুধবার একটি মামলার ওয়ারেন্টমূলে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় পৃথক অভিযানে আরও ৫ জনকে গ্রেপ্তার করা হয়। তারাও প্রত্যেকে চিহ্নিত মাদক বিক্রেতা। এদের মধ্যে লিটন মিয়ার বিরুদ্ধে ১০টি, সাগরের বিরুদ্ধে ৮টি, মো. আজাহারের বিরুদ্ধে ৪টি, শান্ত হোসেনের বিরুদ্ধে ১টি এবং মরিয়মের বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে। এরাও প্রত্যেকে তেজগাঁওয়ে বিভিন্ন স্থানে মাদক বিক্রি করে। তাদের প্রত্যেককেই ওয়ারেন্টমূলে গ্রেপ্তার করা হয়েছে।
অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি নরসুন্দর সাগর