টি-টোয়েন্টি থেকে ওয়ানডে ক্রিকেটে মনোযোগ দিতে মুখিয়ে সাইফ 

গত এক-দেড় বছর ধরে টি-টোয়েন্টি ফরম্যাটে ব্যস্ত সময় পার করার পর এবার ওয়ানডে ক্রিকেটের শূন্যতা পূরণে মরিয়া বাংলাদেশের টপ-অর্ডার ব্যাটার সাইফ হাসান। ২০২৭ সালে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে এ বছর বাংলাদেশ রেকর্ড ২২টি ওয়ানডে ম্যাচ খেলবে।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিএল ওয়ানডে ফাইনালের আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সাইফ হাসান বলেন, 'গত এক-দেড় বছরের দিকে তাকালে দেখবেন, আমি ওয়ানডে খেলার খুব একটা সুযোগ পাইনি। আমরা অল্প কিছু ম্যাচ খেলেছি, কিন্তু সেগুলো ছিল টি-টোয়েন্টি সিরিজের মাঝখানে। তাই এখন সামনে যেহেতু ওয়ানডে সিরিজ আছে, এই বিরতিগুলোতে প্রস্তুতি নেওয়া খুব গুরুত্বপূর্ণ।'

বর্তমানে পাকিস্তান সিরিজের প্রস্তুতি হিসেবে বিসিবি ওয়ানডে ফরম্যাটে বিসিএল আয়োজন করছে। সেন্ট্রাল জোনের হয়ে প্রতিনিধিত্ব করা সাইফ মনে করেন, আন্তর্জাতিক সিরিজের আগে ম্যাচ প্র্যাকটিস একজন ব্যাটারের জন্য আশীর্বাদ। মঙ্গলবার দিবা-রাত্রির ফাইনালে নর্থ জোনের মুখোমুখি হবে তার দল। সাইফ বলেন, ফাইনালে খেলার সুযোগ আত্মবিশ্বাস বাড়াবে। মিরপুরের উইকেট স্পোর্টিং হবে এবং ব্যাটার-বোলার উভয়ই সহায়তা পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

টি-টোয়েন্টি সংস্করণে বাংলাদেশ ২০২৫ সালে এত ভালো খেলেছে, তারাই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে না পারায় স্বাভাবিকভাবেই ক্রিকেটাররা হতাশ ছিলেন। সাইফ বলেন, ‘দেখুন সবাই আসলে (টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলা) মন খারাপ করেছে। এখানে অস্বীকার করার কিছু নেই। তবে পেশাদার ক্রিকেটার হিসেবে আমাদের সেটা কাটিয়ে ওঠা জরুরি। সামনে যেহেতু ওয়ানডে খেলাতে ঢুকে যাচ্ছি, ওয়ানডে বিশ্বকাপ আছে, এটার জন্য যত তাড়াতাড়ি প্রস্তুতি নিতে পারি, আমাদের জন্য ভালো।’