মেসি ম্যাজিকে অবিশ্বাস্য জয় মায়ামির

লস অ্যাঞ্জেলেসের কাছে লিগ মৌসুমের প্রথম ম্যাচে ০-৩ গোলে হেরেছিল ইন্টার মায়ামি। অরলান্ডো সিটির কাছেও ০-২ গোলে পিছিয়ে পড়ে আরেক পরাজয়ের শঙ্কায় পড়েছিল তারা। কিন্তু লিওনেল মেসির জোড়া গোল এবং টেলাস্কো সেগোভিয়ার অনবদ্য পারফরম্যান্সে প্রত্যাবর্তনের এক অবিশ্বাস্য গল্পের জন্ম দিয়ে ৪-২ গোলের জয় ছিনিয়ে নিয়েছে তারা।

রবিবার ম্যাচের শুরুটা ইন্টার মায়ামির জন্য মোটেও সুখকর ছিল না। ১৮ মিনিটে ইভান অ্যাঙ্গুলোর পাস থেকে গোল করে স্বাগতিক ওরলান্ডো সিটিকে লিড এনে দেন মার্কো পাসালিচ। মায়ামির বিপক্ষে এটি তার টানা চতুর্থ ম্যাচে গোল। এর মাত্র ছয় মিনিট পর গ্রিফিন ডরসির সহায়তায় মার্টিন ওজেদা গোল করলে ব্যবধান দ্বিগুণ হয় (২-০)। বিরতির আগ পর্যন্ত মায়ামিকে বেশ অসহায় দেখাচ্ছিল।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ইন্টার মায়ামি :

৪৯ মিনিট : ২০ বছর বয়সী ফরোয়ার্ড মাতেও সিলভেট্টি ক্যারিয়ারের প্রথম গোল করে ব্যবধান ২-১-এ নামিয়ে আনেন। তাকে সহায়তা করেন সেগোভিয়া ও ফাকুন্দো মুরা।

৫৭ মিনিট : সেগোভিয়ার পাসে বল পেয়ে নিখুঁত ফিনিশিংয়ে দলকে ২-২ সমতায় ফেরান এলএম১০। এটি ছিল চলতি মৌসুমে মেসির প্রথম গোল।

৮৫ মিনিট : মায়ামিকে লিড এনে দেন ম্যাচের অন্যতম নায়ক টেলাস্কো সেগোভিয়া। একক প্রচেষ্টায় গোল করে দলকে ৩-২-এ এগিয়ে নেন এই ডিফেন্ডার।

৯০ মিনিট : ম্যাচের শেষ মুহূর্তে দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোলটি করেন মেসি। ২০১৮ সাল থেকে পেনাল্টির চেয়ে ফ্রি-কিকেই বেশি গোল করলেন তিনি। ফ্রি-কিক গোল এখন তার ৩৬টি, পেনাল্টি থেকে করেছেন ৩৫টি গোল। ক্যারিয়ার গোলসংখ্যা দাঁড়ালো তার ৮৯৮। ২০০৫ থেকে এখন পর্যন্ত মেসি টানা ২২টি ক্যালেন্ডার বছরে গোল করার অনন্য নজির গড়লেন। আর এমএলএসে ৫৫ ম্যাচে তার গোলসংখ্যা দাঁড়ালো ৫২।