হকিতে চ্যালেঞ্জার গ্রুপের চ্যাম্পিয়ন বাংলাদেশ

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ এএম

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নারী হকিতে এলো বড় সাফল্য। জুনিয়র এশিয়া কাপ হকি টুর্নামেন্টের চ্যালেঞ্জার গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দল। দুর্দান্ত পারফরম্যান্সের ধারাবাহিকতায় শিরোপা নিশ্চিত করার পর জমকালো সমাপনী অনুষ্ঠানে লাল-সবুজের প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয় চ্যাম্পিয়ন ট্রফি। পুরো টুর্নামেন্টজুড়েই আত্মবিশ্বাসী ও আক্রমণাত্মক হকি খেলেছে বাংলাদেশের মেয়েরা। প্রতিটি ম্যাচে নিজেদের সামর্থ্যরে প্রমাণ দিয়ে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে দলটি। এই সাফল্য দেশের নারী হকির জন্য যেমন আনন্দের, তেমনি আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের সম্ভাবনাকেও নতুন করে সামনে এনেছে।

দলগত সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত পারফরম্যান্সেও আলো ছড়িয়েছেন বাংলাদেশের খেলোয়াড়রা। টুর্নামেন্টে দুর্দান্ত গোল করার ধারাবাহিকতা দেখিয়েছেন শারিকা সাফা রিমন। আসরে মোট সাতটি গোল করে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার, অর্থাৎ টপ স্কোরার অ্যাওয়ার্ড জিতে নিয়েছেন বাংলাদেশের এই খেলোয়াড়।

শারিকার সাত গোল শুধু ব্যক্তিগত অর্জনই নয়, দলের সাফল্যেও রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা। প্রতিপক্ষের রক্ষণভাগে ধারাবাহিক চাপ তৈরি করে গোল আদায়ে তার কার্যকর ভূমিকা বাংলাদেশের আক্রমণভাগকে শক্তিশালী করেছে। শেষ পর্যন্ত টুর্নামেন্টের সেরা গোলদাতাদের তালিকায় শীর্ষে থেকে ব্যক্তিগত স্বীকৃতিও অর্জন করেছেন তিনি।

চ্যালেঞ্জার গ্রুপের চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের মেয়েরা যে বার্তা দিয়েছে, তা স্পষ্ট, সুযোগ ও সঠিক প্রস্তুতি পেলে আন্তর্জাতিক মঞ্চেও নিজেদের সামর্থ্য প্রমাণ করতে পারে দেশের নারী হকি। এই সাফল্য তাই কেবল একটি ট্রফি জয় নয়, বরং বাংলাদেশের নারী হকির ভবিষ্যতের জন্য আশাবাদের নতুন দুয়ার খুলে দিয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত