পটুয়াখালীতে যুবককে পিটিয়ে হত্যা

পটুয়াখালীর কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় মো. ইদ্রিস (৪৫) নামের এক ব্যক্তিকে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে যুবদল নেতার বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার সকালে নিহতের মরদেহ কলাপাড়া থানায় নিয়ে এসে লিখিত অভিযোগ করেন স্বজনরা। এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারে ইউনিয়ন যুবদলের কার্যালয়ে তাকে মারধর করার ঘটনা ঘটে। নিহত ইদ্রিস উপজেলার দক্ষিণ দৌলতপুর গ্রামের মৃত ইউসুফ খানের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ইদ্রিস নারায়ণগঞ্জে তরকারি বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। সংসদ নির্বাচন চলাকালে তিনি নীলগঞ্জ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জহিরুল ইসলামের বিরুদ্ধে গরু চুরিসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ তুলে ফেসবুকে পোস্ট করেন। এতে ক্ষুব্ধ হন জহিরুল ইসলাম। কিছুদিন আগে ইদ্রিস কর্মস্থল থেকে নিজ বাড়িতে আসেন। গত ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় তিনি পাখিমারা বাজারে গেলে জহিরুল ইসলাম ও তার সহযোগীরা তাকে ডেকে ইউনিয়ন যুবদলের কার্যালয়ে নিয়ে যান এবং সেখানে তাকে মারধর করেন। এতে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। স্বজনরা তাকে উদ্ধার করে তার কর্মস্থল নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি করান। চিকিৎসা শেষে তাকে বাসায় নিয়ে আসা হয়। তবে গত সোমবার রাতে আবার অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

তবে অভিযোগ অস্বীকার করেছেন নীলগঞ্জ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম। তিনি বলেন, ইদ্রিস তার কাছে মাফ চাইতে এসেছিল। তিনি বা তার সহযোগীরা তাকে মারধর করেননি।