শিশু ধর্ষণ মামলার দুই আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জের নরাবোরটেক এলাকার বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের ঘটনায় জড়িত ২ আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। গত সোমবার গভীর রাতে  র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে পৃথক স্থানে অভিযান চালিয়ে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড থেকে মামলার ২ নম্বর আসামি নুরু মিয়া ও ডেমরার সারুলিয়া এলাকা থেকে ৪ নম্বর আসামি ফালানকে গ্রেপ্তার করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে আসামিদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়।

রূপগঞ্জ থানার ওসি সবজেল হোসেন জানান, গত ১৪ ফেব্রুয়ারি সকাল ১১টার দিকে রূপগঞ্জের নরাবোরটেক এলাকার এক বুদ্ধি প্রতিবন্ধী শিশু (১৩) বাড়ির পাশের কাঠ বাগানে খেলা করছিল। তখন একই এলাকার সানোয়ার শিশুটিকে কৌশলে ডেকে ঘরে নিয়ে যায়। প্রথমে সানোয়ার পরে তার সহযোগী নুরু শিশুটিকে ধর্ষণ করে। এ ঘটনাকে ধামাচাপা দিত ফালানসহ ১০/১২ জন বাদীকে হুমকি ধামকি ও ভয়ভীতি দেখায়। পরে ঘটনার ১১দিন পর থানায় মামলা করে শিশুটির বাবা। ওই মামলায় নুরু মিয়া ও ফালান নামে ২ আসামিকে গ্রেপ্তার করে গতকাল নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।