তথ্যমন্ত্রী বললেন

ক্ষমতা বড় কথা নয় সেবাই মূল দায়িত্ব

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন,  আমাদের কার কত ক্ষমতা আছে তা বড় কথা নয়, আমাদের দায়িত্ব হলো সেবকের। জনগণের ওপর যে দায়িত্ব রয়েছে সেটাই আমাদের পালন করতে হবে। মনে রাখতে হবে, পাঁচ বছর পর এই জনগণের কাছেই আমরা আবার দাঁড়াব। জনগণই একমাত্র ক্ষমতার উৎস। জনগণ যেন আমাদের আবার গ্রহণ করে, সেই লক্ষ্যেই কাজ করতে হবে। রাজনীতির মূল উদ্দেশ্য ক্ষমতার ভোগ নয়, বরং মানুষের কল্যাণে কাজ করা। জনগণের আস্থা অর্জন করতে না পারলে কোনো রাজনৈতিক অর্জনই টেকসই হয় না।

গতকাল মঙ্গলবার রাজধানীর উত্তরায় ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামানের আয়োজনে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ সব কথা বলেন। ইফতার শেষে দেশ, জাতি এবং গণতন্ত্রের স্থিতিশীলতার জন্য বিশেষ মোনাজাত করা হয়। এ সময় দলীয় নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

নেতাকর্মীদের উদ্দেশে তথ্যমন্ত্রী বলেন, গণতন্ত্রের চর্চা ও জনগণের প্রতি জবাবদিহিতা নিশ্চিত করতে মাঠপর্যায়ে কাজ বাড়াতে হবে। জনগণের সুখে-দুঃখে পাশে থাকতে না পারলে রাজনীতি অর্থহীন হয়ে পড়ে।

মোস্তফা জামান বলেন, বিএনপি সব সময় জনগণের অধিকার আদায়ের আন্দোলনে রাজপথে ছিল এবং থাকবে।