ভারত–ইংল্যান্ড সেমিফাইনাল: ওয়াংখেড়েতে জ্বলে উঠবেন অভিষেক?

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম। প্রতিপক্ষ ইংল্যান্ড। আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনালের মঞ্চ প্রস্তুত। বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিতব্য ম্যাচটিতে আলোচনার কেন্দ্রে ভারতের ওপেনার অভিষেক শর্মা। তিনি কি আবারও ব্যাট হাতে আগুন ঝরাতে পারবেন? 

বিশ্বকাপ শুরুর আগে যেভাবে বোলারদের ওপর চড়াও হয়েছিলেন অভিষেক, তাতে তাকে নিয়ে প্রত্যাশা ছিল আকাশচুম্বী। কিন্তু বিশ্বকাপের মঞ্চে ধারাবাহিকতা দেখা যায়নি। জিম্বাবুয়ের বিপক্ষে অর্ধশতক (৫৫) ছাড়া বাকি ম্যাচগুলোতে তার স্কোর ০, ০, ০, ১৫ ও ১০। তবু টিম ম্যানেজমেন্ট ২৫ বছর বয়সী এই বাঁহাতির ওপর আস্থা রেখেছে।

মঙ্গলবার পূর্ণ শক্তিতে অনুশীলন করেছে ভারত। নেটে অভিষেককে বেশি সময় ব্যাট করতে দেখা গেছে। স্পিনারদের বিপক্ষে সোজা ব্যাটে খেলার অনুশীলনেই জোর ছিল তার। প্রতিপক্ষ দলগুলো তাকে জায়গা না দিয়ে, ব্যাক অফ লেংথে বল করে এবং গতি কমিয়ে বেশ ভোগাচ্ছে।

পাকিস্তান, নেদারল্যান্ডস ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্পিনারদের বিপক্ষে লেগ–সাইডে টানতে গিয়ে আউট হয়েছেন তিনি। আবার পেসারদের স্লোয়ার বলেও ধোঁকা খেয়েছেন দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের বিপক্ষে। ইংল্যান্ডের হয়ে অফ–স্পিন বিকল্প হিসেবে থাকতে পারেন উইল জ্যাকস। ভারতের টপ অর্ডারে বাঁহাতির আধিক্য থাকায় কৌশলগত লড়াই জমে উঠতে পারে। তবে দলে থাকা সঞ্জু স্যামসন ভারসাম্য আনতে পারেন।

এক বছর আগেই এই ওয়াংখেড়েতে ইংল্যান্ডের বিপক্ষে ৫৪ বলে ১৩৫ রান করেছিলেন অভিষেকতার টি–টোয়েন্টি ক্যারিয়ারের সর্বোচ্চ ইনিংস। সেই ইনিংসে তিনি মোকাবিলা করেছিলেন জোফরা আর্চার, জেমি ওভারটন ও আদিল রশিদদের। ভারতীয় শিবির আশা করছে, পুরনো স্মৃতি থেকে অনুপ্রেরণা নিয়ে সেমিফাইনালের মঞ্চে আবারও নির্ভীক রূপে ফিরবেন অভিষেক। কারণ বড় ম্যাচে বড় ইনিংসই পারে সমীকরণ বদলে দিতে।