টি–টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্ব থেকেই ছিটকে যাওয়ার পর পাকিস্তান ক্রিকেটে শুরু হয়েছে তোলপাড়। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নাকি খেলোয়াড়দের ওপর আর্থিক জরিমানা চাপানোর সিদ্ধান্ত নিয়েছে। প্রতিজনের ক্ষেত্রে অঙ্কটি হতে পারে প্রায় ৫০ লাখ পাকিস্তানি রুপি। এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন সাবেক পেসার মোহাম্মদ আমির।
নিয়মিত বিতর্কিত মন্তব্য করে যাওয়া এই সাবেক পেসারের অভিযোগ, খেলোয়াড়দের বলির পাঁঠা বানানো হচ্ছে। তিনি বলেন, “যদি জরিমানাই সমাধান হয়, তাহলে শুধু খেলোয়াড়দের কেন? সিলেক্টর, টিম ম্যানেজমেন্ট, বোর্ড সবার ওপরই সমানভাবে প্রয়োগ করুন। খেলোয়াড়দের কি বন্দুকের মুখে দলে নেওয়া হয়েছিল? যারা দল নির্বাচন করেছেন, ভুল কম্বিনেশন বানিয়েছেন, তাদের কি কোনো দায় নেই?’
আমির আরও বলেন, ‘একজন বা দুজন খেলোয়াড়কে বলির পাঁঠা বানিয়ে সমস্যার সমাধান হবে না। কেউ এক–দুটি ম্যাচ খেলেছে, কেউ সুযোগই পায়নি। তাদের কাছ থেকে জরিমানা নেওয়া কি ন্যায়সঙ্গত?’
জরিমানা কোনো সমাধান নয় বলেও মন্তব্য করেন ফিক্সিং কাণ্ডে ক্যারিয়ার শেষ করা আমির, ‘আমার মতে, জরিমানা কোনো স্থায়ী সমাধান নয়। পারফরম্যান্স খারাপ হলে তাকে দল থেকে বাদ দিন, ঘরোয়া ক্রিকেটে ফিরে গিয়ে দুই বছর ধারাবাহিক ভালো খেলতে বলুন—এটাই সবচেয়ে বড় শাস্তি। আমাদের ঘরোয়া কাঠামো শক্ত করতে হবে, সঠিক পরিকল্পনা নিতে হবে। শুধু টাকা কেটে নিলেই পাকিস্তান ক্রিকেট এগোবে না।’
ভারত–ইংল্যান্ড সেমিফাইনাল: ওয়াংখেড়েতে জ্বলে উঠবেন অভিষেক?
রদ্রিগোর চোটে নেইমারের আবেগঘন বার্তা